বুধবার ৪ নভেম্বর ২০২৬

বেগম ফজিলাতুন্নেছার দূরদর্শীতে স্বাধীনতার দ্বার উন্মুক্ত হয় : প্রধানমন্ত্রী

PM_BD_HASINAবঙ্গবন্ধুর সহধর্মিণী হিসেবে বেগম ফজিলাতুন্নেছা মুজিব যে দূরদর্শিতা দেখিয়েছেন, সেটাই পরে বাংলাদেশের স্বাধীনতার দ্বার উন্মুক্ত করেছিল বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ সোমবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার মা বেগম ফজিলাতুন্নেছার ৮৬তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ কথা বলেন প্রধানমন্ত্রী। মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় এ অনুষ্ঠানের আয়োজন করে।

শেখ হাসিনা বলেন, তাঁর মা সব সময় বঙ্গবন্ধুকে ছায়ার মতন আগলে রাখতেন।

বাংলাদেশের স্বাধীনতা-সংগ্রামের জন্য যেমন অনেককে ত্যাগ স্বীকার করতে হয়েছে, তেমনি অনেকে এই সংগ্রামকে ভিন্ন খাতে পরিচালিত করার চেষ্টাও চালিয়েছেন বলে জানান শেখ হাসিনা। বঙ্গবন্ধু যখন জেলখানায় বন্দি থাকতেন, তখন তিনি রাজনৈতিক সিদ্ধান্ত নিতে তাঁর স্ত্রীর ওপর অনেকাংশে নির্ভর করতেন বলে জানান তিনি।

বক্তব্য রাখার সময় আবেগাপ্লুত হয়ে প্রধানমন্ত্রী বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট তাঁর বাবা-মাকে সপরিবারে হত্যা করার পর তাঁদের দুই বোনের জন্য বেঁচে থাকাটাই জীবনের সবচেয়ে বড় কষ্ট। এ সময় মাকে নিয়ে বিভিন্ন স্মৃতিচারণ করেন তিনি।

আরও পড়ুন