বুধবার ৪ নভেম্বর ২০২৬

আমি আরো ওপরে যাওয়ার অধিকার রাখি: মাহবুবুর রহমান

1432294871ষষ্ঠ কাউন্সিলের প্রায় সাড়ে চার মাস পর দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটিসহ পূর্ণাঙ্গ জাতীয় নির্বাহী কমিটি ঘোষণা করেছে বিএনপি। বহুল প্রত্যাশিত এই কমিটি গঠনের পর উচ্ছ্বাস প্রকাশের পরিবর্তে ক্ষোভের বিস্ফোরণ ঘটেই চলেছে। এর একজন দলের স্থায়ী কমিটিতে লে. জে. (অব.) মাহবুবুর রহমান। আগের অবস্থান থেকে দুই ধাপ অবনমিত করা হয়েছে তাকে। স্থায়ী কমিটির দুই সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার এবং তরিকুল ইসলাম আগের কমিটিতে ক্রমানুযায়ী তার নিচে অবস্থান করলেও নতুন কমিটিতে তাদেরকে ওপরে নিয়ে যাওয়া হয়েছে। এ নিয়ে আশাহত মাহবুবুর রহমান।

কমিটি নিয়ে প্রতিক্রিয়া প্রকাশ করতে গিয়ে দলের ক্রান্তিকালে দায়িত্ব পালন করা এই নেতা বলেন, ‘বিএনপির নতুন কমিটি নিয়ে সর্বস্তরে ক্ষোভ অভিযোগ আসছে। কারণ, এটা ঠিক যে, কমিটিতে অনেক ভুল এবং দুরদর্শিতার অভাব রয়েছে। জেষ্ঠ্যতা মানা হয়নি, সিনিয়রদের ওপরে জুনিয়রদের রাখা হয়েছে, যোগ্যতা অনুযায়ী মূল্যায়ন করা হয়নি। সর্বোপরি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দলের কাউন্সিলে ২০৩০ সালের যে রূপকল্প ঘোষণা করেছেন, এই কমিটি দিয়ে তা বাস্তবায়ন সম্ভব নয়।

স্থায়ী কমিটিতে তার দুই ধাপ অবনমনের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, ‘আমি আট বছর বিএনপির ক্রান্তিকালে দলের জন্য নিবেদিতভাবে কাজ করে গেছি। যখন কেউ ছিলো না সেই বিপদের দিনে আমি নিজে ছিলাম। নীতি নির্ধারণী পর্যায়ে যখন আমার আরো ওপরে যাওয়ার কথা তখন আরো নিচে আসলাম।’

সেনাবাহিনীর প্রধান থাকা অবস্থায় নিজের ভুমিকার কথা স্মরণ করিয়ে দিয়ে বিএনপির এই নীতি নির্ধারক বলেন, ‘আমি স্থায়ী কমিটিতে আরো ওপরে যাওয়ার অধিকার রাখি। আমি দেশের সংবিধান রক্ষা করেছি, দেশকে গৃহযুদ্ধের হাত থেকে রক্ষা করেছি, সেনাবাহিনীর মধ্যে শৃঙ্খলা ফিরিয়ে এনেছি।’

আরও পড়ুন