বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া নাশকতা, রাষ্ট্রদ্রোহিতা ও দুর্নীতির ১২ মামলায় বুধবার আদালতে হাজিরা দেবেন বলে তার আইনজীবী জানিয়েছেন। খালেদা জিয়ার আইনজীবী সানাউল্লাহ মিয়া মঙ্গলবার এ তথ্য জানান। সানাউল্লাহ মিয়া বলেন, “এসব মামলায় আগামীকাল সকালে আদালতে আত্মসমর্পণ করে ম্যাডাম জামিন প্রার্থনা করবেন।”
মামলাগুলোর মধ্যে নাইকো দুর্নীতি, বড়পুকুরিয়া কয়লাখনি দুর্নীতি ও দারুস সালাম থানার নয়টি নাশকতার মামলা রয়েছে।
সম্প্রতি নাশকতার মামলাগুলোর অভিযোগপত্র আদালতে দাখিল করা হয়েছে। সেই সঙ্গে খালেদা জিয়াকে হুকুমের আসামি দেখিয়ে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করা হয়েছে।
নাইকো মামলার নথির তথ্যমতে, কানাডার কোম্পানি নাইকোর সঙ্গে অস্বচ্ছ চুক্তির মাধ্যমে রাষ্ট্রের বিপুল পরিমাণ আর্থিক ক্ষতিসাধন ও দুর্নীতির অভিযোগে ২০০৭ সালের ৯ ডিসেম্বর তেজগাঁও থানায় খালেদা জিয়াসহ পাঁচজনের বিরুদ্ধে মামলাটি করেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক মুহাম্মদ মাহবুবুল আলম।
২০০৮ সালের ৫ মে নাইকো মামলায় খালেদা জিয়াসহ ১১ জনের বিরুদ্ধে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে অভিযোগপত্র দাখিল করেন দুদকের সহকারী পরিচালক এস এম সাহেদুর রহমান।
অভিযোগপত্রে প্রায় ১৩ হাজার ৭৭৭ কোটি টাকার রাষ্ট্রীয় ক্ষতির অভিযোগ আনা হয়।
মামলার নথির তথ্যমতে, বড়পুকুরিয়া কয়লাখনি দুর্নীতির অভিযোগে ২০০৮ সালের ২৬ ফেব্রুয়ারি রাজধানীর শাহবাগ থানায় দুদকের সহকারী পরিচালক মো. সামছুল আলম একটি মামলা করেন। পরে দুদকের উপপরিচালক মো. আবুল কাসেম ওই বছরের ৫ অক্টোবর খালেদা জিয়াসহ ১৬ আসামির বিরুদ্ধে ঢাকার সিএমএম আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
অভিযোগপত্রে বড়পুকুরিয়া কয়লাখনির উৎপাদন, ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণ চুক্তি করায় সরকারের প্রায় ১৫৮ কোটি ৭১ লাখ টাকার ক্ষতি করার অভিযোগ আনা হয়।
অন্যদিকে নাশকতার মামলাগুলোর মধ্যে, গত ১১ মে দারুস সালাম থানার ৪(৩)১৫ এবং ৮(২) ১৫ নম্বরের দুই মামলায় খালেদা জিয়াসহ বিএনপির ৫১ নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে পুলিশ।
এরপর গত ২৬ মে দারুস সালাম থানার ৬(২)১৫ নম্বর মামলায় খালেদা জিয়াসহ ২৬ জনের বিরুদ্ধে একটি অভিযোগপত্র দাখিল করে পুলিশ।
গত ২৯ মে খালেদা জিয়াসহ ৫১ আসামির বিরুদ্ধে একই থানার আরো দুটি মামলায় অভিযোগপত্র দাখিল করে পুলিশ।
সর্বশেষ গত ৬ জুন দারুস সালাম ২৯(২)১৫, ৫(২)১৫, ৩১(২)১৫ ও ৬২(১)১৫ নম্বরের আরো চারটি মামলায় খালেদা জিয়াসহ ১০৫ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ।
এর আগে গত ৫ এপ্রিল যাত্রাবাড়ী থানার নাশকতার মামলাসহ পাঁটি মামলায় খালেদা জিয়া আত্মসমর্পণ করে নিম্ন আদালত থেকে জামিন পান।


