বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

স্কুলছাত্র হত্যায় ৬ জনের মৃত্যুদণ্ড

gazipur-verdict-edit_77797গাজীপুরের কাপাসিয়ায় স্কুলছাত্র সানাউল্লাহ হত্যার ১৫ বছর পর ছয় জনকে মৃত্যুদণ্ড ও তিন জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। মঙ্গলবার গাজীপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ফজলে এলাহী ভূইয়া দণ্ডিতদের উপস্থিতিতে এ রায় দেন।

ফাঁসির দণ্ডপ্রাপ্তরা হলেন- কাপাসিয়া উপজেলার ঘাগটিয়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে রফিকুল ইসলাম ও আতিকুল ইসলাম ওরফে আতিক শেখ, নিজামউদ্দিন শেখের ছেলে সেলিম শেখ, বাশির উদ্দিন শেখের ছেলে নয়ন শেখ, সামশুদ্দিন শেখের ছেলে আনোয়ার হোসেন ওরফে আনার ও আলম শেখ।

যাবজ্জীবন দণ্ডিতরা হলেন- ঘাগটিয়া গ্রামের আবু সাঈদের ছেলে আব্দুল মোতালেব, মোতালেবের স্ত্রী আনোয়ারা বেগম ও হাসেম আলী শেখের ছেলে শেখ সামশুদ্দিন। এছাড়া দণ্ডিত সবাইকে ১০ হাজার টাকা করে জরিমানাও করা হয়েছে।

মামলার নথি থেকে জানা জায়, পারিবারিক বিরোধ এবং যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আনোয়ারা বেগমের মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্কের জের ধরে ২০০১ সালের ৯ ফেব্রুয়ারি ঘাগটিয়া গ্রামের জসিম উদ্দিনের ছেলে সানাউল্লাহ সরকারকে শ্বাসরোধে হত্যা করা হয়।

গাজীপুর আদালত পুলিশের পরিদর্শক মো. রবিউল ইসলাম বলেন, এ ঘটনায় নিহতের ভাই আসাদুজ্জামান বাদী হয়ে কাপাসিয়া থানায় ১০ ফেব্রুয়ারি মামলা দায়ের করেন। “তদন্ত শেষে পুলিশ আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র দায়ের করে।”

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট মকবুল হোসেন কাজল। আসামিপক্ষের আইনজীবী ছিলেন হাফিজ উল্লা।

আরও পড়ুন