বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

নতুন চ্যালেঞ্জের মুখে আতহার আলী

Athar Ali Jhanজাতীয় দলের সাবেক ক্রিকেটার আতহার আলী খান। বর্তমানে এক বাক্যে যিনি ধারাভাষ্যকার হিসেবেই বেশি পরিচিত ক্রিকেটাঙ্গনে। কিন্তু এবার তিনি নতুন এক চ্যালেঞ্জের মুখোমুখি। চ্যালেঞ্জটি হল, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রমীলা দলের জন্যে যোগ্য ক্রিকেটার খুঁজে বের করা।

কোন এক সময় জাতীয় দলের নির্বাচক থাকা আতহার আলী অবশ্য কাজটাকে দেখছেন ইতিবাচকভাবেই। বুধবার(১০আগস্ট) মিরপুরে গণমাধ্যমকে এমনটিই জানিয়েছেন তিনি। আয়ারল্যান্ড সফরকে সামনে রেখে মিরপুর ইনডোরে এদিন শুরু হয়েছে প্রমীলা দলের ক্যাম্প। ক্যাম্প পর্যবেক্ষণ শেষে আতহার আলী সাংবাদিকদের বলেন, ‘এটা ‍আমার জন্য নতুন একটি চ্যালেঞ্জ। ধাপে ধাপে এগোতে চাই। লক্ষ্য থাকবে মেয়েদের ক্রিকেটের উন্নতিতে ইতিবাচক ভূমিকা রাখার। জয়ের মুখটাও বেশি দেখা।’

তবে ভালো ফল পেতে হলে আরও বেশি ম্যাচ খেলার উপর গুরুত্ব দেন আতহার। এ সম্পর্কে তিনি বলেন, ‘ঘরোয়া ক্রিকেটে আমরা যদি বেশি ম্যাচ খেলাতে ‍পারি আমার মনে হয় একটা ফিল্ড তৈরি হয়ে যেতে পারে। তাতে করে নতুন নতুন প্লেয়াররা পারফর্ম করে সহজে উঠে আসতে পারে। ব্যাকআপ প্লেয়ার যাতে থাকে, সেদিকে চোখ থাকবে। এছাড়া ‘এ’ দল নিয়ে চিন্তা-ভাবনা করছি।’

উল্লেখ্য, আগামী সেপ্টেম্বরের শুরুতে ৩টি ওয়ানডে ও ৩টি টি২০ ম্যাচ খেলতে আয়ারল্যান্ড সফরে যাবে বিসিবির প্রমীলা দল। এ জন্যে শুরু হয়েছে প্রস্তুতি পর্ব। যা চলবে ২৯ আগস্ট পর্যন্ত।

আরও পড়ুন