বুধবার ৪ নভেম্বর ২০২৬

আজ রিওর কোর্সে সিদ্দিকুর

1470849228-600x330অনেক প্রথমের জন্ম দেয়া বাংলাদেশের আইকন গলফার সিদ্দিকুর রহমান রিও অলিম্পিক মিশন শুরু করছেন আজ। বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৪টায় অলিম্পিক গলফ কোর্সে নামছেন ৩১ বছর বয়সী গলফার। ১৯৮৪ সাল থেকে অলিম্পিকে অংশ নিলেও সিদ্দিকুরই প্রথম অ্যাথলিট হিসেবে সরাসরি গেমসে খেলার যোগ্যতা অর্জন করেছেন। বিগত আট আসরে তিন ডজন অ্যাথলিট পাঠালেও অলিম্পিকে বাংলাদেশের অর্জনের খাতা শূন্য। এ গলফারকে ঘিরে অলিম্পিক পদকের স্বপ্ন দেখছেন অনেকে।

অলিম্পিক মিশন শুরুর আগে জীবনের সংগ্রামী মুহূর্তগুলোই বারবার ভেসে উঠছে ডাবল এশিয়ান ট্যুরজয়ীর চোখে। এ সম্পর্কে তিনি দ্য গলফ হাউজ বিডিকে বলেছেন, ‘লেখাপড়ার অর্থ জোগাড় করতে মা আমাকে কাজে দিতে বাধ্য হন।’ যোগ করেন, ‘বলবয় হিসেবে কাজ করার ফাঁকেই শিখেছি যে, গলফ কীভাবে খেলতে হয়। অব্যবহূত ও বাতিল ক্লাবস (গলফ খেলার স্টিক) লোহার রডের মাথায় লাগিয়ে অন্য গলফারদের মতো আমিও একসময় অনুশীলন করতে থাকি।’
জাতীয় অপেশাদার গলফে তিনটি শিরোপা জয়ের পর ২০০৭ সালে পেশাদার সার্কিটে পা রাখেন। শুরুর দিকে এ গলফারের যাতায়াত খরচ বহন করেছে কুর্মিটোলা গলফ ক্লাব।

এ সম্পর্কে সিদ্দিকুর রহমান বলেন, ‘শুরুর দিকটা বেশ কঠিন ছিল। ওই সময়টায় ফ্লাইট টিকিট দিয়ে আমাকে সহায়তা করেছে কুর্মিটোলা গলফ ক্লাব।’ লড়াই-সংগ্রামের মাঝে ২০০৯ সালে এক প্রতিযোগিতায় ১৪ হাজার ৮৭৫ ডলার প্রাইজমানি পান সিদ্দিকুর। কয়েক মাস পর (২০১০ সালে) ইতিহাসের অংশ হন এ গলফার। প্রথম বাংলাদেশী হিসেবে জয় করেন (ব্রুনাই ওপেন) এশিয়ান ট্যুর। পরবর্তীতে ২০১৩ সালে হিরো ইন্ডিয়ান ওপেন জয় করেন এ গলফার। অর্থের জন্য একসময় লড়াই-সংগ্রাম করা সিদ্দিকুর এখন অঢেল আয় করছেন। গত বছর বিভিন্ন প্রতিযোগিতা থেকে প্রাইজমানি বাবদ পেয়েছে ১ লাখ ৬৬ হাজার ১৩১ ডলার। চলতি বছরে এখন পর্যন্ত তার অ্যাকাউন্টে জমা হয়েছে ১ লাখ ৫৪ হাজার ৭৪৫ ডলার। বেশকিছু প্রতিযোগিতায় শীর্ষ দশের মধ্যে থেকে শেষ করেছেন। ছিলেন অর্ডার অব মেরিটে শীর্ষ দশে। ক্যারিয়ারে তার আয়ের অঙ্কটা ১৮ লাখ ডলার ছাড়িয়ে গেছে।

সিদ্দিকুরের আজ যে অবস্থান, সেটা তার পিতা শফিকুল ইসলামের স্বপ্নেরও অতীত। বলেছেন, ‘সে (সিদ্দিকুর) যা করেছে, তা আমি স্বপ্নেও দেখিনি। আমি তাকে নিয়ে গর্বিত।’

১৬ কোটি মানুষের দৃষ্টির কেন্দ্রে থাকা এ গলফারও এখন অলিম্পিক পদক জয়ের স্বপ্নে বিভোর, ‘পারিপার্শ্বিক অবস্থায় আমি বেশ উজ্জীবিত। এখানে যদি পদক জয় করতে পারি তবে সন্দেহাতীতভাবে এটিই হবে জীবনের সেরা মুহূর্ত।’ অনেক প্রথমের জন্ম দেয়া সিদ্দিকুর প্রথম বাংলাদেশী অ্যাথলিট হিসেবে অলিম্পিক পদক জয় করবে— এমন প্রত্যাশাই করছেন শফিকুল ইসলাম। এই স্বপ্ন কি বাস্তবে রূপ নেবে— সিদ্দিকুরের সেই অগ্নিপরীক্ষা শুরু আজ।

আরও পড়ুন