ইংল্যান্ডে গিয়েছিলেন খেলতে, কিন্তু বাঁ কাঁধের চোটে ভুগে মুস্তাফিজকে যেতে হচ্ছে শল্যবিদের ছুরি-চাকুর নিচে। আজ লন্ডনের স্থানীয় সময় বেলা সাড়ে ১১টায় বুফা ক্রোমওয়েল হাসপাতালে মুস্তাফিজের কাঁধের অস্ত্রোপচার করা হবে। অস্ত্রোপচার করবেন ইংলিশ অর্থোপেডিক সার্জন অ্যান্ড্রু ওয়ালেস।
মুস্তাফিজকে অবশ্য হাসপাতালে থাকতে হবে না; রাতেই ছেড়ে দেওয়ার কথা। অবশ্য আরও দু-তিন দিন চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হবে তাকে। মূলত অস্ত্রোপচার-পরবর্তী পুনর্বাসন কার্যক্রমটাই মুস্তাফিজের জন্য বেশি জরুরি।
পুনর্বাসন প্রক্রিয়ার বিস্তারিত বুঝে নিতে ইতিমধ্যে লন্ডনে পৌঁছেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী।
গত মাসে ইংল্যান্ডের সাসেক্স দলের হয়ে দুটি ম্যাচ খেলাই পরই কাঁধের চোটে আক্রান্ত হন মুস্তাফিজ। ইউনিভার্সিটি অব গ্রিনউইচের শল্যবিদ টনি কোচার জানান, চোট সারাতে অস্ত্রোপচার করাতে হবে। এরপর ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) পরামর্শে বিসিবি ওয়ালেসের অধীনে অস্ত্রোপচার করানোর সিদ্ধান্ত নেয়।ৱ
হাড় নিরাময়ের ওপর ইউনিভার্সিটি অব এডিনবরা থেকে পিএইচডি এবং বায়োমেকানিকসের ওপর ইউনিভার্সিটি অব স্ট্রাথক্লাইড থেকে ডিপ্লোমা করা ওয়ালেস ২০১২ সালের লন্ডন অলিম্পিকে কাঁধ ও কনুই চিকিৎসা দলের প্রধানের দায়িত্বে ছিলেন। এ ছাড়া বিভিন্ন সময়ে কাজ করেছেন ইসিবি, রাগবি ফুটবল ইউনিয়ন এবং ফুটবল অ্যাসোসিয়েশনে। ২০০৬ সালে ভারতীয় কিংবদন্তি শচীন টেন্ডুলকারের ডান কাঁধের অস্ত্রোপচারও করেন তিনি।
মুস্তাফিজের আগে বাংলাদেশের আরেক পেসার রুবেল হোসেনের কাঁধের অস্ত্রোপচার করাতে হয়েছিল। দক্ষিণ আফ্রিকায় অস্ত্রোপচারের পর মাঠে ফিরতে নয় মাস সময় লেগেছিল রুবেলের। ধারণা করা হচ্ছে, মুস্তাফিজকেও অন্তত পাঁচ-ছয় মাস খেলার বাইরে থাকতে হবে। আজ অস্ত্রোপচার হয়ে গেলে সপ্তাহ খানেকের মধ্যে দেশে ফিরে আসতে পারেন বাংলাদেশের এ পেস তারকা।


