লন্ডনে মুস্তাফিজের অস্ত্রোপচার শুরু হওয়ার আগে ফোন করে খোঁজ নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে। এই মুহূর্তে লন্ডনে অবস্থানরত বিসিবি সভাপতি নাজমুল হাসানকে ফোন দিয়ে মুস্তাফিজের খোঁজখবর নেন প্রধানমন্ত্রী।
লন্ডনে স্থানীয় সময় বেলা ১১টায় ক্রমওয়েল হাসপাতালে পৌঁছান মুস্তাফিজ। অস্ত্রোপচারের আগে তার রুটিন পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। স্থানীয় বেলা দুপুর দুইটায় (বাংলাদেশ সময় সন্ধ্যা সাতটা) এ অস্ত্রোপচার শুরু হওয়ার কথা।
চিকিৎসক সূত্রে জানা গেছে, অস্ত্রোপচার শেষ হতে ৪০ মিনিট সময় লাগবে। আজই ছয় ঘণ্টা হাসপাতালে রেখে তাকে ছেড়ে দেওয়ার কথা ছিল। তবে চিকিৎসকেরা জানিয়েছেন, আরও নিশ্চিত হতে আজকের রাতটা হাসপাতালে রেখে দেওয়া হবে মুস্তাফিজকে। আগামীকালই ছাড়পত্র পাবেন।
আইসিসির সভায় যোগ দিতে নাজমুল হাসানও এখন লন্ডনে। এরই ফাঁকে মুস্তাফিজকে দেখতে গেছেন বিসিবি সভাপতি। সাংবাদিকদের তিনি বলেছেন, বিসিবির কাছে প্রত্যেক খেলোয়াড়ই গুরুত্বপূর্ণ। এর আগে সাকিব-তামিমদেরও অস্ত্রোপচার হয়েছে। তবে মুস্তাফিজ যেহেতু অনেক ছোট, মাত্রই অল্প কিছুদিন হয়েছে জাতীয় দলে খেলছে, তাই ওকে সাহস দেওয়ার জন্য এসেছি। ও আমাকে বলেছে, এমনিতে ভয় লাগে না, তবে সুই নাকি একটু ভয় পায়।


