দুনীর্তির মামলায় একুশে টেলিভিশনের (ইটিভি) সাবেক চেয়ারম্যান আবদুস সালামের জামিন আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।
বৃহস্পতিবার বিকেলে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি জেবিএম হাসানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন।
আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ এ কে এম মনিরুজ্জামান কবির ও সহকারী অ্যাটর্নি জেনারেল শহিদুল ইসলাম খান।
পরে ডেপুটি অ্যাটর্নি জেনারেল মনিরুজ্জামান কবির বলেন, আদালত আবদুস সালামের জামিন আবেদনটি খারিজ করে দিয়েছেন।
গত দুই মার্চ ভুয়া বিল-ভাউচারের মাধ্যমে প্রতিষ্ঠানের প্রায় ৩৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগে বেসরকারি টিভি চ্যানেল একুশে টেলিভিশনের (ইটিভি) প্রাক্তন চেয়ারম্যান আবদুস সালামের বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশন। দুদকের উপপরিচালক সামছুল আলম তেজগাঁও থানায় মামলাটি করেন।
এই মামলায় নিম্ন আদালতে জামিন চেয়ে ব্যর্থ হয়ে হাইকোর্টে জামিন আবেদন করেন তার আইনজীবীরা।
প্রসঙ্গত, ইটিভির প্রাক্তন চেয়ারম্যান আবদুস সালাম গত বছরের ৬ জানুয়ারি থেকে কারাগারে আছেন। ২০১৪ সালের ২৬ নভেম্বর পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় দায়ের করা এক মামলায় গ্রেপ্তার হন তিনি।
২০১৫ সালের ৮ জানুয়ারি বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে প্রধান আসামি করে দায়ের করা একটি রাষ্ট্রদ্রোহের মামলায় তাকে আসামি করা হয়।



Leave a Reply