তরুণীদের শ্লীলতাহানিসহ অনৈতিক কাজে বাধ্য করা ও প্রতারণার দায়ে আলতাফ হোসেন (৪০) নামে এক ভণ্ড কবিরাজকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। ঘটনাটি সিরাজগঞ্জের রায়গঞ্জের।
সাজাপ্রাপ্ত কবিরাজ উপজেলার নলকা ইউনিয়নের হাটকান্দা গ্রামের জয়ন উদ্দিনের ছেলে।
দীর্ঘদিন ধরে ওই ভণ্ড কবিরাজ তাবিজ-কবজ ও ঝাড়-ফুকের মাধ্যমে প্রেমিক-প্রেমিকাদের মধ্যে গভীর সম্পর্ক গড়ে দেয়ার কথা বলে প্রতারণার করে অর্থ উপার্জন করে আসছিল।
অনেক সময় কৌশলে তরুণীদের শ্লীলতাহানিসহ অনৈতিক কাজে বাধ্য করতো এই ভণ্ড কবিরাজ। এ ব্যাপারে অভিযোগ পেয়ে শনিবার বিকালে পুলিশ কবিরাজ আলতাফ হোসেনকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করে।
পরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইকবাল আখতারের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ভণ্ড কবিরাজকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।


