ঢাকার শনির আখড়ায় একটি ফ্যানের কারখানায় গ্যাস বিস্ফোরণে চার শ্রমিক দগ্ধ হয়েছেন। রোববার বেলা সাড়ে ৩টার দিকে দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন- শাওন (১২), শামীম (১৩), আকলিমা (১৭) ও সোহেল (৩৮)।
ঢামেক পুলিশ ক্যাম্প সহকারী এএসআই বাবুল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, শনির আখড়ায় অন্বেষা করপোরেশনের সাততলা ভবনের চতুর্থ তলায় শ্রমিকরা কাজ করছিলেন। এ সময় হঠাৎ গ্যাস বিস্ফোরণে চারজন দগ্ধ হন। তাদের উদ্ধার করে বিকেল সাড়ে ৪টায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।
ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটের আবাসিক সার্জন পার্থ শংকর পাল জানান, শাওনের শরীরের ৩৫ শতাংশ, শামীমের ১০ শতাংশ, আকলিমার ৫ শতাংশ, সোহেলের ২ শতাংশ পুড়ে গেছে।


