ফরিদপুরে অস্ত্রসহ তিন ব্যক্তিকে আটক করেছে র্যাব। গতকাল রবি ও আজ সোমবার তাঁদের আটক করা হয়। সোমবার দুপুরের দিকে ফরিদপুরে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-৮) ক্যাম্পে এক সংবাদ সম্মেলনে তিনজনকে অস্ত্রসহ আটকের বিষয়ে তথ্য জানানো হয়।
র্যাবের ভাষ্য, আটক হওয়া ব্যক্তিদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ওয়ান শুটারগান, দুটি ম্যাগাজিন, পাঁচটি গুলি, একটি রামদা ও বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
আটক হওয়া ব্যক্তিরা হলেন লাবলু মিয়া (২৪), আবদুস সামাদ (২৮) ও জাকারিয়া শেখ (৩৫)। তাঁদের বাড়ি ফরিদপুর জেলার বিভিন্ন স্থানে।
র্যাবের ভাষ্য, গত শনিবার মাদারীপুরের রাজৈর উপজেলার একটি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত সন্দেহে এই তিনজনকে আটক করা হয়েছে।
আটক হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে র্যাব।


