ভারত থেকে ভেসে আসা বন্যহাতি ‘বঙ্গ বাহাদুরের’ শরীর দুর্বল হয়ে পড়েছে। কৃষি জমিতে কাদায় পড়ে আছে হাতিটি। উঠে দাঁড়াতে পারছে না। শিকল ও রশি দিয়ে হাতিটি বেঁধে রাখা হয়েছে। সোমবার হাতিটি উদ্ধারে তেমন তৎপরতা চোখে পড়েনি। উদ্ধার কাজে আরেকটি হাতি আনার কথা থাকলেও দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ঘটনাস্থলে কোনো হাতি আনা হয়নি।
এ দিকে হাতিটিকে ঘিরে উৎসুক মানুষের ভিড় কমছে না। আশপাশের এলাকা থেকে অনেকেই ছুটে আসছেন হাতিটি দেখতে।
হাতিটি সরিষাবাড়ীর কামরাবাদ ইউনিয়নের কয়ড়া, সোনাকান্দর ও স্বাধীনাবাড়ী গ্রামের মাঝে বিশাল কৃষি জমির খোলা মাঠে ঘুরে বেড়াচ্ছিল।
রোববার সকাল ১০টায় উদ্ধারকারীরা চারটি ট্রাঙ্কুলাইজ গান ব্যবহার করে বঙ্গ বাহাদুরের শরীর অবশ করে দেন। খোলা মাঠে কিছুক্ষণ ছোটাছুটির পর ঝিমিয়ে পড়লে তারা শিকল পরিয়ে দেন চার পায়ে। রশি দিয়ে শরীরের বিভিন্ন অংশ বেঁধে ফেলা হয়। পরে চার পাশে খুঁটি লাগিয়ে রশি দিয়ে বেঁধে ফেলা হয়।
এর আগে গত বৃহস্পতিবার দুপুরে ট্রাঙ্কুলাইজ গান দিয়ে অজ্ঞান করার ১০ ঘণ্টা পর জ্ঞান ফেরে হাতিটির। শনিবার শিকল ও রশি ছিঁড়ে এটি জলাশয়ে গিয়ে নামে।
গত ২৬ জুন বুনো এ হাতিটি কুড়িগ্রামের রৌমারী উপজেলার আন্তর্জাতিক মেইন পিলার নম্বর ১০৫২-এর কাছ দিয়ে বানের জলে ভেসে বাংলাদেশে আসে। ভারতের আসাম রাজ্যের শিশুমারা পাহাড়ি এলাকা থেকে এ হাতি বাংলাদেশে এসেছে বলে ধারণা করা হচ্ছে।


