বুধবার ৪ নভেম্বর ২০২৬

বিদ্যুৎকেন্দ্র বিরোধী কর্মসূচিতে পুলিশের লাঠিপেটা

rampal powerরামপাল বিদ্যুৎকেন্দ্র প্রকল্প বাতিলের দাবিতে ঢাকায় প্রগতিশীল ছাত্রজোটের রাজপথে অবস্থান কর্মসূচিতে পুলিশের লাঠিপেটা ও ধস্তাধস্তির খবর পাওয়া গেছে।
নেতাকর্মীরা জানিয়েছেন, পুলিশের লাঠির আঘাত ও ধস্তাধস্তিতে কর্মসূচিতে অংশ নেওয়া কয়েকজন আহত হয়েছেন, যাদের মধ্যে কয়েকজনকে বারডেম হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

মঙ্গলবার সকাল ১১টার দিকে সংগঠনটির শখানেক কর্মী ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলা থেকে মিছিল নিয়ে শাহবাগে যান। সেখানে রাস্তায় তারা অবস্থান নেওয়ার ঘণ্টাখানেক পর পুলিশ লাঠি চালিয়ে তাদের সরিয়ে দেয়।

বাংলাদেশ ছাত্র ফেডারেশনের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি উম্মে হাবিবা বেনজির বলেন, সুন্দরবনের কাছে রামপালে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্প বাতিলের দাবিতে পূর্বঘোষিত কর্মসূচি নিয়ে তারা শাহবাগে অবস্থান নেন।

“প্রায় একঘণ্টা সড়কে অবস্থানের পর পুলিশ আক্রমণ চালায়,” বলেন তিনি।

বেনজির জানান, পুলিশের লাঠির আঘাতে তিনিসহ ছাত্র ফ্রন্ট ও ছাত্র ফেডারেশনের অন্তত ৮/১০ জন কর্মী আহত হন। আহতদের কয়েকজনকে বারডেম হাসপাতালে নেওয়া হয়েছে।

আরও পড়ুন