রাঙামাটির লংগদু উপজেলায় বন্য হাতির আক্রমণে হনুফা বেগম (৪৭) নামের এক নারী মারা গেছেন। তিনি উপজেলার ভাসান্যা আদাম ইউনিয়নের পূর্ব চাইল্যাতলী গ্রামের মৃত খোরশেদ আলমের স্ত্রী।
স্থানীয় লোতজন জানিয়েছেন, গতকাল সোমবার রাত সাড়ে ১০টার দিকে একটি বন্য হাতি পূর্ব চাইল্যাতলী গ্রামে আসে। গ্রামে ঢুকেই হাতিটি সেখানের কলাবাগানসহ ফলমূলের বাগান নষ্ট করে। গভীর রাতে ওই গ্রাম থেকে চলে যাওয়ার সময় হাতিটি হনুফা বেগমের বাড়িতে হামলা করে। ওই সময় হনুফা বেগম ঘুমাচ্ছিলেন। ঘুমন্ত অবস্থায় তিনি হাতির পায়ের নিচে পিষ্ট হয়ে মারা যান।
মঙ্গলবার লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোমিনুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ নিহত নারীর লাশ উদ্ধার করেছে। তাঁর শরীরে হাতির আক্রমণের চিহ্ন রয়েছে।
স্থানীয় ব্যক্তিদের অনুরোধে লাশ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
পার্বত্য চট্টগ্রাম উত্তর বন বিভাগীয় কর্মকর্তা (ডিএফও) মো. তৌহিদুল ইসলাম বলেন, ‘হাতির আক্রমণে এক নারীর মৃত্যুর ঘটনা আমরা জেনেছি। ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক সহায়তা পেতে বন বিভাগে লিখিত আবেদন করতে বলা হয়েছে। নিয়ম অনুযায়ী ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা দেওয়া হবে।’


