ময়মনসিংহের চুরখাই ও ফুলপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ দুইজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন।
কোতোয়ালী মডেল থানার ওসি কামরুল ইসলাম জানান, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের সদর উপজেলার চুরখাই নামকস্থানে মঙ্গলবার সকালে বাসের ধাক্কায় সোহেল (২৫) নামে এক টেম্পুচালক নিহত হন।
এ ঘটনায় আহত ৫ জনের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় দিপা আক্তার নামে অষ্টম শ্রেণির এক ছাত্রীকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।
দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত এক ঘণ্টা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখেন। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ফুলপুর থানার ওসি আলী আহম্মেদ জানান, সকাল ১১টার দিকে ময়মনসিংহ-শেরপুর সড়কের ফুলপুর উপজেলার রূপচন্দ্রপুরে রাস্তা পারাপারের সময় ট্রাক চাপায় মাহিন (৬) নামে এক শিশু মারা যায়।


