বুধবার ৪ নভেম্বর ২০২৬

হাতির মৃত্যুর ঘটনা তদন্তে আইনি নোটিশ

elephant-f-bg20160811221533ভারত থেকে বন্যার পানিতে ভেসে আসা বন্য হাতি ‘বঙ্গ বাহাদুর’-এর মৃত্যুর ঘটনা তদন্তে আইনি নোটিশ দিয়েছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী। বুধবার দুপুরের দিকে আইনজীবী ইউনুছ আলী আকন্দ ওই নোটিশ দেওয়ার কথা জানিয়েছেন।

মৎস্য ও পশুসম্পদ সচিব, বন ও পরিবেশসচিব, স্বরাষ্ট্রসচিবসহ ছয়জনের বরাবর নোটিশ পাঠানো হয়েছে।

ইউনুছ আলী আকন্দ বলেন, দুপুর ১২টার দিকে ছয়জনের বরাবর রেজিস্ট্রি করে ডাকযোগে আইনি নোটিশ পাঠানো হয়। নোটিশে বলা হয়েছে, নোটিশ পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট ব্যক্তিদের অনুরোধ করা হচ্ছে। তাঁরা ব্যর্থ হলে প্রয়োজনীয় নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হবে।

‘বঙ্গ বাহাদুর’ গতকাল মঙ্গলবার সকালে জামালপুরের সরিষাবাড়ীর কয়ড়া গ্রামে মৃত্যুর কোলে ঢলে পড়ে। কয়ড়া গ্রামেই তার শেষ ঠিকানা হয়েছে। ঢাকার বন্য প্রাণী অপরাধ দমন ইউনিটের পরিদর্শক অসীম মল্লিকের ভাষ্য, আপ্রাণ চেষ্টা সত্ত্বেও হাতিটিকে বাঁচানো যায়নি।

এলাকাবাসীর অভিযোগ, উদ্ধারকারী দলের সদস্যদের অবহেলার কারণে হাতিটির মৃত্যু হয়েছে। এই অভিযোগে এলাকাবাসী বিক্ষোভও করেছে।

সরিষাবাড়ীর কামরাবাদ ইউনিয়নের কয়ড়া গ্রামে আসা হাতিটিকে প্রথম দফায় উদ্ধারের পর গত শনিবার সে শিকল ছিঁড়ে পালানোর চেষ্টা করে। গত রোববার সকালে দ্বিতীয় দফায় প্রাণীটিকে চেতনানাশক দেওয়া হয়। কিন্তু ওষুধের মাত্রা কম হওয়ায় এটির অচেতন হতে দেরি হচ্ছিল। পরে আরও তিনবার চেতনানাশক প্রয়োগ করা হয়। এরপর হাতিটি ঝিমিয়ে পড়লে চার পায়ে শিকল পরিয়ে কয়ড়া গ্রামের খোলা মাঠে কাদাপানিতে বেঁধে রাখা হয়। প্রায় ১৯ ঘণ্টা পর গতকাল তার মৃত্যু হয়।

হাতিটি ভারতের আসাম থেকে গত ২৮ জুন বন্যার পানিতে ভেসে কুড়িগ্রামের রৌমারী দিয়ে বাংলাদেশে ঢোকে। পরে সিরাজগঞ্জ থেকে সরিষাবাড়ীতে আসে ২৭ জুলাই।

আরও পড়ুন