একটি শিশুকে বাঁচাতে গিয়ে প্রাণ হারালেন চারজন তরতাজা যুবক।
নারায়ণগঞ্জের আড়াইহাজারে একটি প্রাইভেট কারের চালক নিয়ন্ত্রণ হারালে তা সড়কের পাশে খাদের পানিতে পড়ে চারজনের মৃত্যু হয়। বুধবার বিকেলে উপজেলার পুরিন্দা এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ব্যক্তিদের বরাত দিয়ে আড়াইহাজার থানার উপপরিদর্শক (এসআই) আবদুস সালাম বলেন, আজ বিকেল চারটার দিকে পুরিন্দা এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে একটি বাচ্চা রাস্তা পার হচ্ছিল। ঢাকাগামী প্রাইভেট কারের চালক তাকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারান। প্রাইভেট কারটি তখন রাস্তার পাশে পানিতে পড়ে যায়। দুমড়ে–মুচড়ে যাওয়া প্রাইভেট কারটির আরোহী অভি (১৮) ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত অপর তিন আরোহী পাভেল (২০), তুষার (১৮) ও লিমনকে (২০) আশপাশের লোকজন উদ্ধার করে ঢাকার একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।
নিহত পাভেলের বন্ধু আবদুল আজিজ সাংবাদিকদের বলেন, চার বন্ধু গাড়ি নিয়ে বেড়ানোর জন্য রূপগঞ্জের কাঞ্চনের ৩০০ ফুট রাস্তার উদ্দেশে বের হন। পাভেল নরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সহসভাপতি আবদুল মোমেন মোল্লার ছেলে। তিনি নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে সম্প্রতি বিবিএ পাস করেন।


