সরকারি হাসপাতালের বাইরে রোগীদের ভিড়, দীর্ঘক্ষণ লাইন দিয়ে অপেক্ষা- এগুলোই পরিচিত ছবি। কিন্তু সেই সময়ে হাসপাতালের ভেতরে কর্মীরা কী করেন? সবাই যে ফাঁকি মারেন, এমনটা নিশ্চয়ই নয়। কিন্তু কয়েকজন কর্মী যে সরকারি চাকরির সুবিধা নিয়ে অফিসে এসে কাজে চূড়ান্ত ফাঁকি দেন, তার প্রমাণ আবারও হাতেনাতে পাওয়া গেল।
দিল্লির উপ-মুখ্যমন্ত্রী মণীশ শিশোদিয়ার হাতেই ধরা পড়েছেন ওই চাকরিজীবী। দিল্লির একটি সরকারি হাসপাতালে সম্প্রতি আচমকা হানা দিয়েছিলেন মণীশ।
তখন হাসপাতালের প্রচুর রোগী ছিল। কাউন্টারে, কাউন্টারে পরিষেবা পাওয়ার জন্য লম্বা লাইন। ঠিক তখনই কম্পিউটারে সিনেমা দেখতে ব্যস্ত ছিলেন এক কর্মী।
এসময় মণীশ শিশোদিয়ার নজর যায় ওই কর্মীর দিকে। সিনেমা দেখায় ওই কর্মী এতটাই মগ্ন ছিলেন যে উপ-মুখ্যমন্ত্রী তার পিছনে এসে দাঁড়ালেও তিনি টের পাননি।
মণীশ শিশোদিয়া তাকে হাল্কা ধাক্কা দিয়ে ডাকতেই যেন হুশ ফেরে তার। ভ্যাবাচ্যাকা খেয়ে গিয়ে যতক্ষণে কম্পিউটারে চলতে থাকা সিনেমা বন্ধ করলেন, ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে।
এরপরেই দিল্লির উপ-মুখ্যমন্ত্রী তাকে ধমকাতে শুরু করেন। ওই কর্মীর তখন ‘ছেড়ে দে মা কেঁদে বাঁচি’ অবস্থা। ওই কর্মী কোন আধিকারিকের অধীনে কাজ করেন তাও জানতে চান মণীশ।
বাইরে যখন রোগীদের লম্বা লাইন, তখন কীভাবে তিনি অফিসে এসে সিনেমা দেখছেন, ওই কর্মীকে সেই প্রশ্নও করেন দিল্লির উপ-মুখ্যমন্ত্রী।
অভিযুক্ত কর্মীটি বারবার অনুরোধ করলেও কাজ হয়নি। ওই দফতরের ইন্সপেক্টরকে অবিলম্বে ওই কর্মীকে সরিয়ে দিয়ে শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার জন্য নির্দেশ দেন তিনি।
https://youtu.be/l9flsQJW_qs


