রাখিবন্ধন উৎসব উপলক্ষে দিনাজপুরের হিলি সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের হাতে রাখি পরিয়ে দিয়েছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)। এসময় বিজিবি সদস্যদের মিষ্টিমুখ করানো হয়। একইসঙ্গে বিজিবির পক্ষ থেকেও বিএসএফকে মিষ্টি উপহার দিয়ে তাদের রাখিবন্ধন উৎসবের শুভেচ্ছা জানানো হয়।
বৃহস্পতিবার সকাল সোয়া ১১টায় হিলি সীমান্তের ইমিগ্রেশন চেকপোস্ট গেটের শুন্যরেখায় বিজিবি ও বিএসএফের মধ্যে এ রাখিবন্ধন উৎসব পালন করা হয়।ভারতের হিলি বিএসএফ ক্যাম্পের মহিলা বিএসএফ সদস্যরা হিলি সিপি ক্যাম্পের বিজিবি সদস্যদের কপালে ভাইফোটা, মিষ্টি খাইয়ে ও হাতে রাখি বেঁধে রাখিবন্ধন উৎসব পালন করে। এসময় বিজিবির পক্ষ থেকে তাদের মিষ্টি উপহার দিয়ে রাখিবন্ধনের শুভেচ্ছা জানিয়েছে।
এসময় সেখানে ভারতের হিলি বিএসএফ ক্যাম্প কমান্ডার ইন্সপেক্টর জামিল বাসা, হিলি চেকপোস্ট ক্যাম্প কমান্ডার দলবির সিং, ধিরাজ সিং এবং বিজিবির হিলি সিপি ক্যাম্পের হাবিলদার নিখিল চন্দ্র, আসলাম হোসেন, চেকপোস্ট কমান্ডার হাবিলদার আলমগীর হোসেনসহ দুই বাহিনীর সৈনিকরা উপস্থিত ছিলেন।
ভারতের হিলি বিএসএফ ক্যাম্প কমান্ডার ইন্সপেক্টর জামিল বাসা সীমান্তের শুন্যরেখায় সাংবাদিকদের বলেন, ভারত-বাংলাদেশ সীমান্তে দায়ীত্বরত দুই বাহিনীর মধ্যে ভ্রাতৃত্ববোধ বজায় রাখতে, নিজ নিজ অবস্থানে থেকে সীমান্তের দায়িত্ব পালন করার জন্য এ ধরনের জাতীয় উৎসব ও ধর্মীয় দিনগুলোতে একে অপরের মাঝে মিষ্টি বিনিময় করে রাখিবন্ধনের মতো বিভিন্ন উৎসব পালন করা হয়। এতে করে দুই বাহিনীর মধ্যে সম্পর্ক আরও সুদৃঢ় হবে।
বিজিবি হিলি আইসিপি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার সিরাজুল ইসলাম বলেন, আমরাও আমাদের বিভিন্ন জাতীয় উৎসব ও ধর্মীয় দিনগুলোতে বিএসএফ সদস্যদের মিষ্টি ও বিভিন্ন ধরনের উপহার দিয়ে শুভেচ্ছা জানিয়ে থাকি।


