বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ডাকা জাতীয় ঐক্যের বিষয়ে দলের যুগ্ম-মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, আওয়ামী লীগের সঙ্গে কিসের জাতীয় ঐক্য? বিএনপি জাতীয় ঐক্য করবে দেশের মালিকদের সঙ্গে। দেশের মালিক জনগণ বেগম জিয়ার ঐক্যের ডাকে সময় মতো সাড়া দেবেন।
আওয়ামী লীগ এবং জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)-এর যৌথ প্রযোজনায় বাংলাদেশে জঙ্গিবাদের উত্থান হয়েছে বলেও অভিযোগ করেছেন বিএনপির এ নেতা।
শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে বিএনপির নবগঠিত কমিটির এ নেতা বলেন, স্বাধীনতার পর শান্তির দেশ হওয়ার কথা ছিল। কিন্তু আওয়ামী লীগ গঠন করলো রক্ষী বাহিনী। আর জাসদ গঠণ করলো গণবাহিনী। এসব বাহিনীর কার্যক্রমের মাধ্যমেই দেশে জঙ্গিবাদী চেতনা কাজ করেছে।
টানা দুই আওয়ামী লীগ আমলে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সবার চেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছেন বলে দাবি করেন আলাল।
অনুষ্ঠানে বিএনপির নতুন কমিটিতে ভাল অবস্থানে স্থান না পাওয়া অনেক নেতার অনুসারীরা অভিযোগ তুললে মোয়াজ্জেম হোসেন আলাল প্রশ্ন রাখেন-বেগম জিয়ার চেয়ে বেশি নির্যাতনের শিকার কে হয়েছেন?
‘বেগম জিয়া যে কমিটি গঠন করেছেন তা নিয়ে কারো মধ্যে ক্ষোভ থাকার কোনো কারণ দেখি না। যারা আন্দোলন সংগ্রামে আছেন-ছিলেন তাদের সবার মূল্যায়ন করার চেষ্টা করেছেন ম্যাডাম। সামনে আরও মূল্যায়নের সুযোগ রয়েছে। হতাশ হওয়ার কিছু নেই।’
আগস্ট মাসকে ‘শোকের মাস’ উল্লেখ করে মোয়াজ্জেম বলেন, এই মাসে বঙ্গবন্ধুর মৃতদেহকে ৩২ নম্বরের সিড়িতে রেখে যারা মোশতাকের মন্ত্রিসভার সঙ্গে যুক্ত হয়েছিল, সেই সরকারকে সমর্থণ দিয়েছিল, সহযোগিতা করেছিল তাদের সবাই আজ শেখ হাসিনার চারপাশে।
তৎকালীন মন্ত্রিপরিষদ সচিব ও বর্তমানে মন্ত্রী পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হিসেবে
দায়িত্বপালনকারী এইচ টি ইমামকে ‘আওয়ামী লীগের ইমাম’ উল্লেখ করে মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, যারা আওয়ামী লীগের এবং শেখ মুজিবুর রহমানের সঙ্গে বিশ্বাস ঘাতকতা করেছে তারাই শেখ হাসিনাকে ভুল পথে পরিচালিত করছে।
জাতীয়তাবাদী প্রজন্ম দল আয়োজিত অনুষ্ঠানে বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশারফ হোসেন, নির্বাহী কমিটির সদস্য হাসান মামুনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


