শুক্রবার ৬ নভেম্বর ২০২৬

গরমে রেললাইন বেঁকে গেছে: ট্রেন চলাচল বন্ধ

Brahmanbaria_Rail-Lineসূর্যতাপে অতিরিক্ত গরমে নাকি রেললাইন বেঁকে যাওয়ায় চট্টগ্রাম-ঢাকা ও সিলেট-ঢাকা রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে।

আখাউড়ায় গঙ্গাসাগর ও কসবার ইমামবাড়ী রেলস্টেশনের মাঝামাঝি জায়গায় রেললাইন অতিরিক্ত গরমে বাঁকা হয়ে গেছে। এতে আজ শুক্রবার দুপুর ১২টা থেকে এখন পর্যন্ত চট্টগ্রামের সঙ্গে ঢাকা ও সিলেটের সব ধরনের ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

চট্টগ্রাম থেকে ঢাকাগামী চট্টলা এক্সপ্রেস ও ঢাকা থেকে চট্টগ্রামগামী কর্ণফুলী এক্সপ্রেস ট্রেন দুটি আখাউড়া ও কসবায় আটকা পড়েছে।

আখাউড়া রেলওয়ে জংশনের ট্রেন নিয়ন্ত্রণ কক্ষের কেবিন মাস্টার জসীম উদ্দিন এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, আখাউড়া থেকে রেলওয়ের প্রকৌশল বিভাগের একটি দল ঘটনাস্থলে যাচ্ছে।

প্রসঙ্গত, আখাউড়ার এই লাইনে প্রতিবছরই গরমের সময় এই ধরনের সমস্যা হয়ে থাকে।

জানা যায়, রেল লাইনের মাঝে ফাঁক রাখতে হয়, যেন গরমে রেল প্রসারিত হয়ে যাতে লাইন বেঁকে না যায়। গ্রীষ্মের খরতাপ আমাদের জন্য নতুন নয়। সেভাবেই ফাঁক রেখে রেল লাইন বসানোর কথা। কিন্তু এখানে হয়তো সেটা সঠিকভাবে করা হয়নি। তাই রেল লাইন বেঁকে যাচ্ছে।

ঢাকায় রেলওয়ে প্রকৌশল বিভাগের একজন কর্মকর্তা নিউজওয়ার্ল্ডবিডি ডট কমকে জানান, উষ্ণতা বাড়া-কমার সঙ্গে সঙ্গে যে কোনো জিনিসের প্রসারণ-সংকোচনের একটা সম্পর্ক দেখতে পাওয়া যায়। কোনো জিনিসকে গরম করলে তা আয়তনে বাড়ে, আবার ঠান্ডা করলে আয়তনে কমে। গরমের সময় পরিবেশের তাপ এবং রেলাইনের সঙ্গে ট্রেনের চাকার ঘর্ষণের ফলে যে তাপ সৃষ্টি হয় তাদের যোগফলে রেলাইনের প্রসারণ ঘটে। এই প্রসারণের ফলে রেললাইন যাতে বেঁকে না যায় অথবা ঠেলে ওপরে না ওঠে, সেজন্য রেলাইনের মাঝে ফাঁক রাখা হয়। ফাঁকগুলি আটকে রাখা হয় ফিসপ্লেট দিয়ে। ফিসপ্লেটের নাটবন্টুগুলি এমনভাবে লাগানো থাকে যাতে উষ্ণতা বাড়ার সঙ্গে সঙ্গে রেলাইনের প্রসারণ অথবা উষ্ণতা কমার সঙ্গে সঙ্গে রেলাইনের সংকোচনের কোনো বাধা না পড়ে।

আরও পড়ুন