বোলিং অ্যাকশনের পরীক্ষা দিতে কোরবানি ঈদের আগেই অস্ট্রেলিয়া যাবেন জাতীয় দলের পেসার তাসকিন আহমেদ। সম্ভব হলে ঈদের আগে তার পরীক্ষাও হওয়া কথা রয়েছে।
আগেই বিসিবি জানিয়েছিল, ইংল্যান্ড কিংবা ভারতে নয়, অস্ট্রেলিয়াতে হবে তাসকিনের বোলিং অ্যাকশনের পরীক্ষা। শনিবার বিসিবির পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস সম্ভাব্য তারিখও জানালেন।
তিনি বলেন, ‘আগামী মাসের ৮ তারিখে অস্ট্রেলিয়ার ব্রিসবেনে যাওয়ার কথা রয়েছে তাসকিনের। তবে অস্ট্রেলিয়ায় যাওয়ার বিষয়টি নির্ভর করছে ৮ তারিখে বিমানের টিকিট পাওয়ার ওপর। সেদিনের টিকিট না পেলে ৯ বা ১০ তারিখেও যেতে পারে তাসকিন।’
চলতি বছর ভারতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম রাউন্ডে ৯ মার্চ নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচে পেসার তাসকিন ও স্পিনার আরাফাত সানীর বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন ওঠে। ভারতে আইসিসির অনুমোদিত ল্যাবে পরীক্ষা দেওয়ার পর নিষিদ্ধ হন বাংলাদেশের এই দুই বোলার।
এরপর থেকেই নিজেদের বোলিং অ্যাকশন সংশোধনে কাজ করে যাচ্ছেন তাসকিন ও সানী। এরই মধ্যে বিসিবির বোলিং অ্যাকশন রিভিউ কমিটির নেওয়া পরীক্ষায় পাস করে গেছেন তাসকিন। বোলিং অ্যাকশন রিভিউ কমিটি আশাবাদী, তাসকিন আইসিসির গবেষণাগার থেকে মুক্তির বার্তা নিয়েই ফিরবেন।
তাসকিনের সঙ্গে অস্ট্রেলিয়ার বিমানে বসতে পারেন স্পিনার সানীও। বিসিবির বোলিং রিভিউ কমিটি সানীর বোলিংয়েও সবুজ সংকেত দেখিয়েছে।


