বসুন্ধরা সিটি শপিং মলে আগুন লাগার পর শপিং মলটির ছাদে যারা অবস্থান নিয়েছেন তাদের হেলিকপ্টারে করে উদ্ধারের চেষ্টা চালানো হচ্ছে। আটকা পড়াদের উদ্ধারে র্যাব-পুলিশ হেলিকপ্টার দিয়ে মহড়া দিচ্ছেন। রোববার দুপুর পৌনে ২টায় সরেজমিনে এমন চিত্রই দেখা গেছে।
বেলা ১১টা ২৩ মিনিটে শপিং মলের ৬ তলায় আগুন লাগার পর দিশেহারা হয়ে অনেকে ছাদে গিয়ে আশ্রয় নিয়েছেন। তবে সেখানে কতজন অবস্থান করছেন সে বিষয়টি জানা সম্ভব হয়নি।
এদিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে না আসলেও এখন শুধু ধোঁয়াই বের হচ্ছে। ইতোমধ্যে ৬তলা থেকে জীবিত অবস্থায় ৯ জনকে উদ্ধারও করা হয়েছে। বাকিরা জীবিত রয়েছেন বলে জানিয়েছেন ফায়ার ডিজি ব্রিগেডিয়ার জেনারেল আলী আহমদ খান।
সরেজমিনে দেখা গেছে, আগুন কিছুটা নিয়ন্ত্রণে আসার পর বসুন্ধরা সিটির উপরে হেলিকপ্টার দিয়ে মহড়া দেয়া হচ্ছে। যারা ছাদে রয়েছেন তাদেরকে উদ্ধার করতে সহযোগিতা করছেন তারা।


