বুধবার ৪ নভেম্বর ২০২৬

গ্রামীণফোনের বাটপারিতে অতিষ্ঠ গ্রাহকদের যাওয়ার জায়গা নেই

photo-1462185429দেশের প্রথম সারিতে অবস্থান মোবাইল ফোন অপারেটর কোম্পানি গ্রামীণফোন। এই টেলিকম কোম্পানিটির ওপর বেশ আস্থায় থাকেন গ্রাহকরা। কিন্তু গ্রাহকের এই দুর্বলতার সুযোগ নিচ্ছে প্রতিষ্ঠানটি। ধরাকে স্বরা জ্ঞান মনে করে যা ইচ্ছে তাই করে প্রতিষ্ঠানটি। টেলিকম নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসিরও কোনো ধার ধারে না তারা। মোটকথা, গ্রাহকদের শুধু অভিযোগ আর অভিযোগ গ্রামীণফোনের বিরুদ্ধে।

গ্রামীণফোনের গ্রাহক হারুন উর রশীদ। প্রায় একযুগ ধরে গ্রামীণফোন ব্যবহার করা এই স্টার গ্রাহক প্রতিষ্ঠানটির ওপর চরম ক্ষুব্ধ ও বিরক্ত। গ্রামীণফোনের বিরুদ্ধে কারচুপির অভিযোগ তার। দুই দিনে কোনও কথাবার্তা ছাড়াই তার ৫ জিবি ইন্টারনেট ডাটা খেয়ে ফেলেছে গ্রামীণফোন। এজন্য তিনি হতভম্ভ। দুই দিন ধরে বিষয়টি নিয়ে নানাভাবে সুরাহা পাওয়ার চেষ্টা করে ব্যর্থ হয়েছেন। এ বিষয়টি তিনি ফেসবুকে পোস্ট করার পর আরও শতাধিক গ্রাহক একই ধরনের অভিযোগ করেছেন। বিটিআরসি বলেছে, তারা এ অভিযোগগুলো তদন্ত করে কঠোর ব্যবস্থা নেবে। তবে এ ব্যাপারে গ্রামীণফোনের কোনও বক্তব্য পাওয়া যায়নি।

ভুক্তভোগী গ্রাহক সাংবাদিক হারুন উর রশীদ বিষয়টি নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিলে বেরিয়ে আসে এই প্রতিষ্ঠানের গ্রাহকদের নানা অভিযোগ।

সোমবার দুপুর একটার দিকে দেওয়া হারুন উর রশীদ-এর ফেসবুক পোস্টে ছয় ঘণ্টার মধ্যেই শত-শত লাইক এবং ১৪১টি কমেন্ট ও ১৪২জন শেয়ার করেছেন। পোস্টে গ্রামীণফোনকে অভিযোগ করে এবং টেলিযোগাযোগ মন্ত্রী, প্রতিমন্ত্রী, বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন (বিটিআরসি), ঢাকা মেট্রোপলিটন পুলিশের পেজ, গ্রামীণফোনকে ট্যাগ করে লেখা হয়, ‘দুই দিনেই জিপি খেয়ে ফেলল আমার ৫ জিবি ডাটা। অথচ আমি ২৪ ঘণ্টা অনলাইনে থেকেও এর আগে মাসে ২ জিবি ডাটা শেষ করতে পারিনি। প্রতিকার চেয়ে কোনও ফল না পেয়ে দুই ডাকসাইটে টেলিকম সাংবাদিকের দ্বারস্থ হই। তারাও ব্যর্থ! কি বিস্ময়কর! গ্রামীণফোন কি যাচ্ছে তাই করে যাবে? আওয়াজ দিন। এবার ক্যাম্পেইন শুরু করতে চাই।’

তার পোস্টে মোহাম্মদ হাফিজুর রহমান লেখেন, ‘একই কাজ আমার সঙ্গেও ঘটেছে। ৪জিবি+৪জিবি ১৮দিনের মধ্যে শেষ।’ শাকিল খান প্রতারণার কথা তুলে ধরতে গিয়ে লিখেছেন, একই জিনিস আমার সঙ্গেও হয়েছিল। আমি ২ জিবি নিয়েছিলাম। ইউটিউবে ভিডিও দেখার কিছুক্ষণ পরেই ‘you have used 20%-50%-80%-100%’ ৪টা মেসেজ দিয়ে সবগুলো এমবি নিয়ে নেয়। অথচ ডাটা হিস্টোরি তে গিয়ে দেখি ১৫০এমবি-এর মতো খরচ হয়েছে।’ মাসুদ জাবেদ সিকদার লিখেছেন, ‘আমি টেলিটকের ডাটা ব্যবহার করেছি, ১ জিবিতেই মাস পার। কিন্তু জিপির ক্ষেত্রে ১ সপ্তাহও চলে না। এমনিতেই আমার জিপি ব্যবহার করতে ভালো লাগে না।’

সাইফুল স্বপন লিখেছেন, ‘শুধু কি তাই? এত দ্রুত এমবি কাটে, প্রচার করে হাই স্পিড থ্রিজি, কিন্তু নেট স্পিড এত স্লো যে, ফুটেজ পাঠানো যায় না। শহরে এলাকা ছাড়া বড় বড় হাটবাজারে থ্রিজি নেই। আবার তারা বলছে, ফোরজির জন্য প্রস্তুত তারা। থ্রিজি ১এমবিপিএস-এর নিচে হওয়ার কথা নয়, কিন্তু তারা এখন ৫১২ কেবির প্যাকেজ বিক্রি করছে। যেখানে ১ জিবি ৩০ দিনের মেয়াদে ৫০ টাকা দর হওয়া উচিত, তারা এখন ৩৪৫ টাকা ১ জিবি বিক্রি করছে। এক দশকে না হলে ইন্টার দাম সরকারিভাবে কয়েক দফায় ৫০ গুণ কমিয়েছে। অথচ গ্রাহক পর্যায়ে এখনও কমায়নি।’

খালেদ মজুমদার লিখেছেন, ‘এর চেয়ে ভয়ানক জালিয়তি করে বোনাস ডাটার ক্ষেত্রে। বিভিন্ন হ্যান্ডসেটের সঙ্গে ১২ জিবি ফ্রি! দেখা যাচ্ছে একদিনে ১ জিবি শেষ তাও শুধু ফেবু চালালে। আর ডাউনলোডের ক্ষেত্রে ৩০ এমবি ফাইলের সঙ্গে আরও ১০০ এমবি হাওয়া। এখনি সুরাহা করা উচিত ‘

শরীফ আহমেদ সঙ্গে থাকার কথা বলে লিখেছেন, ‘নিশ্চয়, আপনার একটি রিপোর্ট-এর কারণে মিরপুর থেকে গুলশানগামী গ্রামীণ পরিবহন ভাড়া কমাতে বাধ্য হয়েছিল। আপনি শুরু করেন আমরা আপনার সঙ্গে আছি ইনশাল্লাহ।’

অন্য আরেক ধরনের বিরক্তির কথা শেয়ার করেছেন মিজানুর রহমান। তিনি লিখছেন, ‘ওরা আমাকে প্রমোশনাল মেসেজ পাঠায়। দিনে অনেকগুলা। আমি অভিযোগ করলাম। বললাম,  আমার এসবের দরকার নেই। ওরা বলল, আর হবে না। এর ঠিক বিশ মিনিটের মাথায় আবারও মেসেজ এলো। এখনও প্রতিদিন বহু প্রমোশনাল মেসেজ পাই।…’

গ্রামীণফোনের হাতে প্রতারিত গ্রাহক হারুন উর রশীদ বলেন, সাধারণত আমি আড়াই জিবির প্যাকেজ ব্যবহার করে থাকি। গত ১৬ তারিখ শুরুতেই রাতে ১২টা ৬মিনিটে ৪২৬টাকা ১৩ পয়সা দিয়ে আড়াই জিবি প্যাকেজটা নেই। কিন্তু পরেরদিন ১৭ তারিখেই দেখি সেটা শেষ বলে জানানো হলো। সেইদিনই রাত ৮টা৫৪ মিনিটে আমি আবারও আড়াই জিবির প্যাকেজটা কিনি। কিন্তু একইভাবে সেটাও একদিনে শেষ দেখালো। পরপর দুই দিন এমন দেখে আমি ১২১-এ ফোন করে কোনও সুরাহা পাইনি।’ গ্রামীণফোনের এ ধরনের আচরণে বিস্ময় প্রকাশ করে তিনি বলেন, ‘আমি সাংবাদিক মানুষ, সবসময় আমাকে অনলাইনে থাকতে হয়। কখনোই মাসিক আড়াই জিবি আমি শেষ করতে পারিনি। সেখানে চারদিনে ৫ জিবি শেষ হলো!’

ক্যাম্পেইন বিষয়ে জানতে চাইলে তিনি আরও বলেন, ‘গ্রামীণফোনের বিরুদ্ধে এমন অভিযোগ কেবল আমার নয়, হাজার হাজার ভুক্তভোগী গ্রাহকের। তাদের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নিয়েছি শুধু গ্রামীণফোন নয়, সব কয়টি অপারেটরের বিরুদ্ধে অভিযোগনামা একজায়গায় করব এবং প্রয়োজনমতো সবারটা একজায়গায় এনে টেলিনিয়ন্ত্রণ কর্তৃপক্ষ ও বিভিন্ন কর্তৃপক্ষের কাছে অভিযোগগুলো পৌঁছে দেব।’

এ বিষয়ে বিটিআরসির সচিব সরওয়ার আলম বলেন, ‘এর আগে একজন গ্রাহক এ ধরনের সেবা প্যাকেজ কিনে তা ব্যবহার করতে না পারায় ক্ষুব্ধ হয়ে গ্রামীণফোনের বিরুদ্ধে মামলা করেছিলেন। সেই ঘটনাটিকে আমলে নিয়ে গ্রাহক হয়রানি দূর করতে কমিশন উদ্যোগী হয়েছে।’

আরও পড়ুন