মঙ্গলবার ৩ নভেম্বর ২০২৬

ডায়াগনস্টিক সেন্টারে চাঁদাবাজির অভিযোগে গাইবান্ধায় ‘সাংবাদিক’ আটক

diagonstic--গাইবান্ধা জেলা শহরের বিভিন্ন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার মালিকের কাছে চাঁদা দাবির অভিযোগে মো. শহিদুল ইসলাম নয়ন (৩২) নামে এক সাংবাদিককে আটক করেছে পুলিশ।

সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. ফিরোজ কবীর সোমবার দুপুরে বিষয়টি স্থানীয় সাংবাদিকদের জানান।

আটক শহিদুল ইসলাম নয়ন ঢাকা থেকে প্রকাশিত ‘দুর্নীতির সন্ধান’ নামে একটি পত্রিকার স্টাফ রিপোর্টার।

নয়নের বাড়ি গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলার হরিপুর গ্রামে। তিনি ওই গ্রামের নুরুন্নবী সরকারের ছেলে।

সদর থানার উপপরিদর্শক (এসআই) ফিরোজ কবীর জানান, নয়ন ঢাকা থেকে গাইবান্ধা আসেন। এরপর তিনি সাংবাদিক পরিচয় দিয়ে জেলা শহরের বিভিন্ন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে গিয়ে চাঁদা দাবি করেন। চাঁদা না দিলে মিথ্যা সংবাদ পরিবেশেনের হুমকিও দেন তিনি। এমন অভিযোগে রবিবার রাতে শহরের আধুনিক সদর হাসপাতাল এলাকা তাকে আটক করা হয়।

তিনি আরও জানান, এ ঘটনায় বাংলাদেশ ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশনের গাইবান্ধা জেলা শাখার সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন বিপ্লব আটক সাংবাদিকের বিরুদ্ধে সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

বাংলাদেশ ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশনের জেলা শাখার সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন বিপ্লব জানান, সাংবাদিক পরিচয় দিয়ে নয়ন শহরের বিভিন্ন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে এসে চাঁদা দাবি করেন। চাঁদা না দিলে এসব ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের নামে মিথ্যা সংবাদ পরিবেশন করার হুমকি দেন। পরে বিষয়টি পুলিশকে জানালে তাকে আটক করা হয়।

তবে আটক সাংবাদিক নয়ন অভিযোগ অস্বীকার করে স্থানীয় সাংবাদিকদের বলেন, ‘তিনি ঢাকা থেকে প্রকাশিত ‘দুর্নীতির সন্ধান’ পত্রিকার স্টাফ রিপোর্টার। গাইবান্ধার বিভিন্ন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের রিপোর্ট করতে অফিস অ্যাসাইনমেন্ট নিয়ে গাইবান্ধা আসেন।’

গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মেহেদী হাসান অভিযোগের বিষয়টি নিশ্চিত করে জানান, অভিযোগের বিষয়টি তদন্ত চলছে। তদন্ত শেষে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *