বুধবার ৪ নভেম্বর ২০২৬

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী নিবাসে বিস্ফোরণ, ছাত্রী দগ্ধ

kubi---কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পাশে একটি বেসরকারি ছাত্রী নিবাসে বিস্ফোরণের ঘটনায় এক ছাত্রী গুরুতর দগ্ধ হয়েছেন। তবে বিস্ফোরণটি গ্যাস লাইনের ক্রটি থেকে নাকি বোমা- তা নিশ্চিত করতে পারেনি পুলিশ। ঘটনাটি ঘটে মঙ্গলবার ভোর সোয়া ৬টার দিকে।

বিস্ফোরণে দগ্ধ অর্থনীতি নবম ব্যাচের ছাত্রী ফাহমিদা হাসান নিশাকে সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পাশে সালমানপুর এলাকায় ‘হেভেন’ ছাত্রী নিবাসের পঞ্চম তলা ভবনের নিচ তলায় কুবির ছাত্রী নিশা থাকতেন।

মঙ্গলবার ভোরে হঠাৎ বিকট বিস্ফোরণে পুরো এলাকা কেঁপে ওঠে। এতে নিশার পুরো শরীর ঝলসে যায়। পরে তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে সকাল পৌনে ৮টার দিকে ঢামেকের বার্ন ইউনিটে স্থানান্তর করা হয়।

কুবির প্রক্টর আইনুল হক জানান, বিস্ফোরণের ঘটনা আইনশৃংখলা বাহিনী খতিয়ে দেখছে।

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের বিভাগীয় প্রধান ডা. মির্জা তাইয়েবুল ইসলাম জানান, ওই ছাত্রীর শ্বাসনালীসহ শরীরের ৬৫ শতাংশ পুড়ে গেছে। তার বেঁচে থাকার সম্ভাবনা ক্ষীণ।

অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) আবদুল্লাহ আল মামুন জানান, ‘খবর পেয়ে র‌্যাব, পুলিশ ও ডিবির সদস্যরা ঘটনাস্থলে গেছেন। তবে বিস্ফোরণের কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি।’

আরও পড়ুন