ফেসবুকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় শোক দিবস সম্পর্কে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে নড়াইলে তথ্য প্রযুক্তি আইনে বাবা ও ছেলের নামে মামলা হয়েছে।
সোমবার সন্ধ্যায় নড়াইলের তুলারামপুর থেকে বাবা আলী আহমেদ মোল্যাকে (৫৮) গ্রেফতার করেছে পুলিশ। ছেলে নাজমুল হোসেন পলাতক রয়েছেন।
এর আগে একই দিনে দুপুরে নড়াইল সদর উপজেলার যুবলীগের সভাপতি মাহফুজুর রহমান মাফুজ সদর থানায় তথ্য প্রযুক্তি আইনে মামলাটি দায়ের করেন।
মামলার বাদী মাফুজুর রহমান বলেন, নড়াইলের তুলারামপুরের আলী আহমেদ মোল্যাকে ও তার ছেলে নাজমুল হোসেন ফেসবুকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় শোক দিবস সম্পর্কে আপত্তিকর মন্তব্য করায় মামলাটি দায়ের করেছি।
সদর থানার ওসি সুভাষ বিশ্বাস জানান, সন্ধ্যায় আলী আহমেদকে গ্রেফতার করা হয়েছে। এ মামলার অন্য আসামিকেও গ্রেফতারে চেষ্টা চলছে।


