রমনা থানায় দায়ের হওয়া একটি নাশকতা মামলায় বিএনপির সিনিয়ার যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভীর জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।
বুধবার ঢাকা মহানগর হাকিম আহসান হাবীবের আদালতে তার আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবা ও এম হেলাল উদ্দিন জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করেন।
জামিন শুনানির আগে রিজভীকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়।
গত ১৮ আগস্ট রিজভী আত্মসমর্পন করে জামিন আবেদন করলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন।
উল্লেখ্য, ২০১৫ সালের ১৮ জানুয়ারি রমনা থানা এলাকায় নাশকতার অভিযোগে রমনা থানার উপ-পরিদর্শক শফিউল ইসলাম বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।
২০১৬ সালের ১৫ মে সিআইডির পরিদর্শক আলী আক্কাস বিএনপির স্থায়ী কমিটির সদস্য এমকে আনোয়ার, সিনিয়ার যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভীসহ ১০ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।


