বুধবার ৪ নভেম্বর ২০২৬

সেই বীথির মুখে হাসি, সুস্থ হয়ে ফিরছে বাড়ি

Beethi_BSMMUসারা শরীরে লোম নিয়ে জন্ম নিয়েছিল বীথি। অন্য দশটি শিশুর মতো শৈশব কাটেনি তার। খেলার সাথীরা তাকে ভয় পেত। সাত বছর বয়সে তার দাঁত পড়ে যায়। যে দাঁত এখনো গজায়নি। মূল সমস্যা শুরু হয় ১১ বছর বয়সে। এ বয়সে তার স্তন অস্বাভাবিক আকারে বেড়ে যায়। এরপর চলতি বছরের মার্চে তার স্তনে জ্বালাযন্ত্রণা শুরু হয়।

মেয়েকে যন্ত্রণায় কাতরাতে দেখে বাবা-মা তাকে হাসপাতালে নিয়ে আসেন। চলতি বছরের ১৬ এপ্রিল তাকে ভর্তি করা হয় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) অ্যান্ডোক্রাইনোলজি (ডায়াবেটিস ও হরমোন) বিভাগে।

সেখানে ভর্তির পর পরীক্ষা করে দেখা যায়, হরমোন জনিত কোন সমস্যা তার নেই। সে তিনটি পৃথক রোগে আক্রান্ত। এরপর চিকিৎসকরা প্রথমে তার স্তনে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন। কিন্তু সমস্যা হয়ে দাঁড়ায় অস্ত্রোপচার সংশ্লিষ্ট খরচ। দুই-এক হাজার টাকা নয়। চিকিৎসকরা বীথির বাবাকে জানায়, অস্ত্রোপচার সংশ্লিষ্ট খরচের জন্য অন্তত দুই লাখ টাকার প্রয়োজন। এই টাকার জন্য বীথির বাবা আব্দুর রাজ্জাক যখন দিশেহারা ঠিক তখনই বীথির চিকিৎসার জন্য পাশে দাঁড়ায় দেশের শীর্ষস্থানীয় ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিকস ও অটোমোবাইল পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান ওয়ালটন। শুধু টাকা দিয়ে নয়, রক্ত দিয়েও বীথিকে সহযোগিতা করেছে ওয়ালটন।

পাঁচ মাস চিকিৎসা নেওয়ার পর স্বাভাবিক জীবনে ফিরছে বীথি। এখন আর স্তনের ভারে তার হাঁটতে কষ্ট নেই। সে এখন আর যন্ত্রনায় কাতরায় না। স্তনের ১৮ কেজি ৯শ গ্রাম মাংস কেটে ফেলায় এখন বয়স হিসেবে তার স্তন স্বাভাবিক। প্রথম দফায় সুষ্ঠু চিকিৎসা শেষে বুধবার (২৪ আগস্ট) তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হয়েছে। এদিনই সে পরিবারের সদস্যদের সঙ্গে বাড়ি ফিরছে।

বীথির চিকিৎসা সহায়তার জন্য ওয়ালটন এবং বিএসএমএমইউ কর্তৃপক্ষের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বীথি আক্তারের বাবা আবদুর রাজ্জাক এবং বীথির মা। তারা দেশবাসীর কাছে বীথির জন্য দোয়া চেয়েছেন।

হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর বাবা-মায়ের সাথে বীথি গিয়েছিল এসেছিল রাইজিংবিডিডটকম কার্যালয়ে। এখানে বীথিকে শুভেচ্ছা জানাতে আয়োজন করা হয় একটি প্রীতি অনুষ্ঠানের। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ালটন গ্রুপের নির্বাহী পরিচালক (পলিসি, এইচআরএম অ্যান্ড অ্যাডমিন) এস এম জাহিদ হাসান। তিনি বীথির হাতে তুলে দেন গৃহকাজে প্রয়োজনীয় অত্যাধুনিক সামগ্রী এবং ঈদের নতুন জামা।

এ সময় উপস্থিত ছিলেন ওয়ালটনের সিনিয়র ডেপুটি ডিরেক্টর (পিআর অ্যান্ড মিডিয়া এন্ড কমিউনিকেশন) ফিরোজ আলম, রাইজিংবিডিডটকমের সম্পাদক মোহাম্মদ নওশের আলী, নির্বাহী সম্পাদক তাপস রায়, প্রধান প্রতিবেদক হাসান মাহামুদ ও রাইজিংবিডি পরিবারের সদস্যরা।

প্রীতি অনুষ্ঠানে বীথির বাবা আবদুর রাজ্জাক আবেগাপ্লুত হয়ে পড়েন। তিনি বলেন, ‘বীথি হাঁসতো না, কথা বলতো না বেশি কিন্তু এখন সে আগের মতোই স্বাভাবিক হয়ে উঠছে। এখন সে মন খুলে কথা বলে। আবার স্কুলে যাবে বলছে। এসবই সম্ভব হয়েছে ওয়ালটনের জন্য।’

টাঙ্গাইলের নাগরপুর উপজেলার জয়ভোগ গ্রামের দিনমজুর আবদুর রাজ্জাকের তিন সন্তানের মধ্যে বীথি সবার বড়। জয়ভোগ পাবলিক উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী সে।

প্রসঙ্গত, বিএসএমএমইউতে ভর্তির পর ২৬ মে প্রথমবারের মত বীথির মুখমণ্ডলে লেজার থেরাপি দেওয়া হয়। এছাড়া গত ২০ জুন এবং ৩১ জুলাই দুই দফায় অস্ত্রোপচার করে বীথির দুই স্তন থেকে বাড়তি অংশ হিসেবে মোট ১৮ কেজি ৯০০ গ্রাম মাংস কেটে ফেলা হয়। এখন বীথি অনেকটাই সুস্থ।

চিকিৎসকরা বলছেন, বীথি আবার আগের জীবনে ফিরে আসতে পারবে। এ জন্য তাকে দীর্ঘমেয়াদী চিকিৎসার মধ্যে থাকতে হবে। মুখের লোম অপসারনের জন্য তাকে কয়েকবার লেজার থেরাপি দিতে হবে। লেজার থেরাপির পর দাঁতের চিকিৎসা শুরু হবে। তবে এজন্য তার হাসপাতালে থাকতে হবে না। বাড়ি থেকে এসে এ চিকিৎসা নিতে হবে। চিকিৎসকরা তাকে পর্যবেক্ষণে রাখবেন।

নিয়মিত পর্যবেক্ষণের অংশ হিসেবে আগামী ৫ সেপ্টেম্বর বীথিকে আবার হাসপাতালে আসার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। তখন তার মুখমণ্ডলে আরেক দফা লেজার থেরাপি দেওয়া হবে।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *