গাজীপুর সিটি করপোরেশনের কাশিমপুর ছোট গোবিন্দবাড়ি এলাকায় শাহীন মিয়া নামের এক রড সিমেন্ট ব্যবসায়ীকে চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে।
শাহীন মিয়ার (২৮) বাড়ি কাশিমপুরের ছোট গোবিন্দবাড়ি এলাকায়। বাবার নাম গেদুরাজ মিয়া।
এলাকাবাসী ও পুলিশ বলছে, শাহীন একটি মার্কেটের সামনে দাঁড়িয়ে ছিলেন। ওই মার্কেটের নির্মাণকাজের সঙ্গে তিনি জড়িত ছিলেন। এ সময় কয়েকজন দুর্বৃত্ত চাপাতি দিয়ে কুপিয়ে শাহীনকে মারাত্মকভাবে জখম করে। এতে ঘটনাস্থলে তাঁর মৃত্যু হয়।
জয়দেবপুর থানার চক্রবর্তী পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) মো. হারুন অর রশিদের ভাষ্য, পুলিশ গতকাল রাত সাড়ে ১২টার দিকে শাহীনের লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। পুলিশের প্রাথমিক ধারণা, পূর্বশত্রুতার জের ধরে তাঁকে হত্যা করা হয়েছে। এ ব্যাপারে জয়দেবপুর থানায় একটি মামলা হয়েছে।


