বুধবার ৪ নভেম্বর ২০২৬

নিষিদ্ধ না থাকলেও আশরাফুল এখন নিঃসঙ্গ

ASHRAFUL_25-8-26ঘরোয়া ক্রিকেট খেলার নিষেধাজ্ঞা উঠে যেতেই মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে নিয়মিত মুখ মোহাম্মদ আশরাফুল। আবার প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফেরার জন্য শরীরটাকে উপযোগী করে তুলতে একা একাই খেটে চলেছেন তিনি। ব্যতিক্রম হয়নি বৃহস্পতিবারও।

একাডেমি মাঠে লম্বা সময় দৌড়ে এসে ঢুঁ মারলেন মূল স্টেডিয়ামে, যখন সেখানে প্রস্তুতি ম্যাচ খেলায় ব্যস্ত মাশরাফি-তামিম-মুশফিকের মতো তাঁর সাবেক অনেক সতীর্থই। গ্যালারির দেয়ালে হেলান দিয়ে প্রস্তুতি ম্যাচে নিমগ্ন হয়ে যাওয়া আশরাফুল কি আফসোস করে এরকম কিছুই ভাবছিলেন যে, ‘একদিন আমিও তো তোমাদের মাঝেই ছিলাম’।

বিপিএলে ফিক্সিংয়ের দায়ে নিষিদ্ধ ক্রিকেটার মোহাম্মদ আশরাফুলের নিষেধাজ্ঞা শেষ হয় গত ১৩ আগস্ট। তবে ফেরার পর সব ধরনের ক্রিকেটে তার খেলা নিয়ে এখনও ধোঁয়াশায় বিসিবি। বোর্ড বিস্তারিত জানতে চেয়েছে আইসিসির কাছে।

২০১৩ বিপিএলে ফিক্সিংয়ে জড়িত থাকায় আশরাফুলকে ৩ বছরের স্থগিত নিষেধাজ্ঞাসহ আট বছরের জন্য নিষিদ্ধ করে বিসিবির গঠিত বিশেষ ট্রাইব্যুনাল। পরে আশরাফুল আপিল করলে সেই নিষেধাজ্ঞা কমে আসে দুই বছরের স্থগিত নিষেধাজ্ঞাসহ পাঁচ বছরে। সে অনুযায়ী ঘরোয়া ক্রিকেটে সাবেক বাংলাদেশ অধিনায়কের নিষেধাজ্ঞা উঠে গেছে। তবে নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হলেও এই ব্যাটসম্যান কোন ধরনের ক্রিকেট খেলতে পারবেন, কোনটায় আছে বাধা, সেটা নিয়ে এখনও আছে সংশয়।

আরও পড়ুন