খুলনার ডুমুরিয়া উপজেলার ভান্ডারপাড়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মো. আবুল কালাম ফকিরকে (৪০) নিজ বাড়ির পাশে কুপিয়ে হত্যা করেছে দুর্বত্তরা। শুক্রবার রাত আড়াইটার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এদিকে, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে কালা হাবিবসহ তিনজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ ও এলাকাবাসী জানান, বিএনপি নেতা আবুল কালাম শুক্রবার রাতে নিজস্ব মৎস্য ঘেরে যাওয়ার পথে উপজেলার ভান্ডারপাড়াস্থ বাড়ির কাছেই প্রতিপক্ষের সন্ত্রাসীরা তার ওপর হামলা চালায়। এ সময় তাকে উপর্যপুরি কুপিয়ে ও পিটিয়ে জখম করা হয়।
তাকে উদ্ধার করে রাতেই খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। পূর্ব শত্রুতার জের ধরে তাকে হত্যা করা হয়েছে বলে তার স্বজনরা অভিযোগ করেছেন।
ডুমুরিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তাজুল ইসলাম বলেন, কালাম ফকির রাত আড়াইটার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে প্রধান সন্দেহভাজন কালা হাবিবসহ তিনজনকে আটক করা হয়েছে। আটক কালা হাবিবই তাকে পিটিয়ে হত্যা করেছে বলে প্রাথমিক সত্যতা পাওয়া গেছে।


