নারায়ণগঞ্জের পাইকপাড়ায় অপারেশন ‘হিট স্ট্রং-২৭’ শুরুর আগে জঙ্গিরা নিশ্চিত মৃত্যু জেনে সব নথিপত্র পুড়িয়ে ফেলেছে।
অভিযানের আগে যে নথিপত্রগুলো জঙ্গিরা পুড়িয়েছে সেখানে তাদের বিভিন্ন নাশকতার পরিকল্পনা থাকতে পারে বলে ধারণা করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্বশীল সূত্র।
শনিবার সকালে নারায়ণগঞ্জের পাইকপাড়ার বড় কবরস্থান এলাকার একটি তিনতলা ভবন ঘিরে অভিযানে তিন জঙ্গি নিহত হয়েছে। তাদের মধ্যে গুলশানে জঙ্গি হামলার অন্যতম পরিকল্পনাকারী তামিম চৌধুরীও রয়েছেন।
কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম’ ইউনিটের বোমা ডিজপোজাল টিমের প্রধান ছানোয়ার হোসেন জানান, আমরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযানের জন্য জড়ো হই। সেই সময় জঙ্গিদের আত্মসমর্পনের জন্য দুই ঘন্টা সময় দেওয়া হয়, কিন্তু জঙ্গিরা উল্টো আমাদের উপর হামলা চালায়।
এদিকে অভিযানের পর ওই বাসাটিতে ক্রাইম সিন ইউনিট বিভিন্ন আলামত সংগ্রহ করছে। এরপর জঙ্গিদের মরদেহ ঢামেকে পাঠানো হতে পারে বলে জানা গেছে।
বাংলাদেশি বংশোদ্ভূত কানাডার নাগরিক তামিম গুলশানের হলি আর্টিজানে জঙ্গি হামলার অন্যতম পরিকল্পনাকারী ছিলেন বলে পুলিশের ভাষ্য। তাঁকে ধরতে বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছিল পুলিশ। তামিমকে ধরিয়ে দিতে ২০ লাখ টাকা পুরস্কারও ঘোষণা করা হয়েছিল।


