ময়মনসিংহে গ্রেপ্তার এক জঙ্গির কাছ থেকে নারায়ণগঞ্জে আস্তানার সন্ধান পাওয়া যায় বলে জানিয়েছেন পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের প্রধান মনিরুল ইসলাম।
শনিবার দুপুরে কয়েকজন সাংবাদিকের সঙ্গে কথা বলার সময় মনিরুল এ তথ্য জানান।
মনিরুল জানান, ময়মনসিংহ থেকে এক জঙ্গিকে গ্রেপ্তার করার পর কাউন্টার টেররিজম ইউনিটের হাতে তামিম সম্পর্কিত তথ্য এসে পৌঁছায়। এরপর নারায়ণগঞ্জের পাইকপাড়ার বাসার মালিক নূর উদ্দিনের সঙ্গে যোগাযোগ করে সিটিটিসি। শুক্রবার দিবাগত রাত ৩টা থেকে সাড়ে ৩টার মধ্যে পুলিশ ওই ভবনের আশপাশে কয়েকটি ভবনে অবস্থান নিতে শুরু করে। সকাল ৬টার মধ্যে ওই বাসাসহ আশপাশের লোকজনকে সরিয়ে নেওয়া হয়। এরপর সকাল ৮টার দিকে অভিযান শুরু হয়।
নারায়ণগঞ্জ সদরের পাইকপাড়ায় দেওয়ানবাড়িতে চালানো ওই অভিযানে অংশ নেয় পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট ও সোয়াতের সদস্যরা। এতে রাজধানীর গুলশান ও কিশোরগঞ্জের শোলাকিয়া হামলার পরিকল্পনাকারী ও জোগানদাতা তামিম আহমেদ চৌধুরীসহ তিন জঙ্গি নিহত হন।
এদিকে এনটিভির ময়মনসিংহের আইয়ুব আলী জানান, শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে জেলার ত্রিশাল উপজেলা থেকে সালাউদ্দিন ওমর নামের একজনকে গ্রেপ্তার করে ঢাকা থেকে আসা পুলিশের বিশেষ একটি দল। সালাউদ্দিনের বাড়ি টাঙ্গাইলের ভুয়াপুর উপজেলায়। তিনি ত্রিশালে বোনের বাড়িতে বেড়াতে এসেছিলেন।
জেলা পুলিশের শীর্ষস্থানীয় এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, তাঁরা জানতে পেরেছেন, সালাউদ্দিন ওমরের দেওয়া তথ্যমতে নারায়ণগঞ্জে তামিম চৌধুরীর আস্তানার সন্ধান পায় পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট।


