বুধবার ৪ নভেম্বর ২০২৬

জঙ্গি আস্তানার বাড়ির মালিক গ্রেপ্তার

bariভাড়াটেদের তথ্য গোপন করার অভিযোগে নারায়ণগঞ্জের পাইকপাড়ায় জঙ্গি আস্তানার বাড়ির মালিক নুরুদ্দীন দেওয়ানকে গ্রেপ্তার করেছে পুলিশ। ওই বাড়ির পাশের আরেকটি ভবন থেকে সন্দেহভাজন এক শিবিরকর্মীকে আটক করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে নিহত তামিম চৌধুরীসহ তিন জঙ্গিকে আসামি করে মামলা হয়েছে।

রোববার এক ব্রিফিংয়ে নারায়ণগঞ্জের পুলিশ সুপার মঈনুল হক এসব কথা জানান।

মঈনুল হক বলেন, গতকাল শনিবার রাতে ওই বাড়ি থেকে মালিক নুরুদ্দীন দেওয়ানসহ ১০ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে নয়জনকে ছেড়ে দেওয়া হয়। গ্রেপ্তার করা হয়েছে বাড়ির মালিককে। তাঁর বিরুদ্ধে একটি মামলার প্রস্তুতি চলছে।

জেলা পুলিশ সুপার আরও বলেন, অভিযানে নিহত বাকি দুই জঙ্গির পূর্ণাঙ্গ পরিচয় নিয়ে তাঁরা এখনো নিশ্চিত নন। তাঁদের সম্পর্কে বিভিন্ন তথ্য পাওয়া যাচ্ছে। পুরোপুরি পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

তামিম চৌধুরীসহ তিন জঙ্গি পাইকপাড়ার যে বাড়িতে ছিলেন, তার পাশের আরেকটি ভবন থেকে ইব্রাহিম খলিল নামের সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে বলে জানান পুলিশ সুপার। তিনি বলেন, ইব্রাহিম খলিল শিবিরকর্মী। তিনিসহ চারজন ওই ভবনে থাকতেন।

জঙ্গিবিরোধী অভিযানের সময় সবাই ভবন থেকে চলে যায়। পরে ফিরে এলে খলিলকে আটক করা হয়। জঙ্গিদের সঙ্গে তাঁর যোগাযোগ থাকতে পারে বলে পুলিশের সন্দেহ করছে।

নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা পুলিশ সুপার ফারুক হোসেন বলেন, গতকালের অভিযানে নিহত তামিম চৌধুরীসহ তিন জঙ্গির নাম উল্লেখ করে সন্ত্রাস দমন আইনে সদর থানায় মামলা হয়েছে। ওই মামলায় অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করা হয়েছে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বাদী হয়ে ওই মামলা করেছেন।

বছর খানেক ধরে দেশে জঙ্গিদের হামলা ও হত্যাযজ্ঞের মাত্রা বেড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে মাস তিনেক ধরে বাংলাদেশি বংশোদ্ভূত কানাডার নাগরিক তামিম চৌধুরীর নাম আলোচিত হচ্ছিল। তাঁকে ধরিয়ে দিতে ২০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করে পুলিশ বলেছে, গুলশানে হামলার সমন্বয়ক বা মাস্টারমাইন্ড এই তামিম চৌধুরী। গতকাল নারায়ণগঞ্জে জঙ্গিবিরোধী অভিযানে নিহত হওয়ার পর তামিম চৌধুরীর অধ্যায়ের পরিসমাপ্তি হয়েছে বলে ঘোষণা দেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

‘অপারেশন হিট স্ট্রং-২৭’ নাম দিয়ে গতকাল সকালে নারায়ণগঞ্জের পাইকপাড়ায় একটি বাড়ির তিনতলার একটি ফ্ল্যাটে অভিযান চালায় ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেররিজম ও ট্রান্সন্যাশনাল ইউনিট। এই অভিযানে নিহত হয়েছেন তিনজন। তাঁদের একজন কানাডাপ্রবাসী তামিম চৌধুরী। বাকি দুজনের পরিচয় এখন পর্যন্ত নিশ্চিত করেনি পুলিশ।

আরও পড়ুন