শিক্ষকদের রাজনীতি না করার আহ্বান জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
রোববার দুপুরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের উদ্যোগে জাতীয় শোক দিবসের আলোচনা সভায় যোগ দিয়ে মন্ত্রী এ কথা বলেন।
ওবাদুল কাদের বলেন, শিক্ষার্থীদের ভালো করে পড়াশোনার দায়িত্বের জন্য শিক্ষকদের রাজনীতি থেকে দূরে থাকতে হবে। বাংলাদেশে এখন প্রধান আপদ মাদক, জঙ্গিবাদের মতো মাদক বিভিন্ন এলাকায় ছড়াচ্ছে। মাদকের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলতে হবে ।
সেতুমন্ত্রী আরো বলেন, বাংলাদেশ এখন নেতা উৎপাদনের কারখানায় পরিণত হয়েছে। রাজনীতিবিদ এখন কোনো আইন মানেন না,সাধারণ মানুষ আইন মেনে চলে। বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে ছাত্রলীগের নেতাকর্মীদের চলতে হবে। এ সময় তিনি নেতাকর্মীদের কথা কম বলার নির্দেশ দেন।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মাহামুদুর রহমান জনির সভাপতিত্বে আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. ফারজানা ইসলাম, ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি এ কে এম এনামুল হক শামীম, ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাইফুর রহমান সোহাগ, সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন, সাভার উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা দৌলা, ঢাকা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীবসহ আরো অনেকে।
আলোচনা সভার সঞ্চালনার দায়িত্ব ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদ রাজিব আহমেদ রাসেল।


