বাংলা সংস্কৃতির বিখ্যাত কবিদের একজন, একুশে পদকপ্রাপ্ত কবি শহীদ কাদরী মারা গেছেন। স্থানীয় সময় রোববার সকাল ৭টায় নিউইয়র্কের নর্থ শোর বিশ্ববিদ্যালয় হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে জানিয়েছেন তার স্ত্রী নীরা কাদরী।
৭৪ বছর বয়সী এই কবি ১৯৪৭ পরবর্তীকালের বাংলা সংস্কৃতির বিখ্যাত কবিদের একজন। তিনি নাগরিক-জীবন-সম্পর্কিত শব্দ চয়ন করে নাগরিকতা ও আধুনিকতাবোধের সূচনা করে বাংলা কবিতায় সজীব বাতাস বইয়ে দিয়েছেন।
তিনি আধুনিক নাগরিক জীবনের প্রাত্যহিক যন্ত্রণা ও ক্লান্তির অভিজ্ঞতাকে কবিতায় রূপ দিয়েছেন। ভাষা, ভঙ্গি ও বক্তব্যের তীক্ষ্ণ শাণিত রূপ তাঁর কবিতাকে বৈশিষ্ট্য দান করেছে। শহর এবং তার সভ্যতার বিকারকে শহীদ কাদরী ব্যবহার করেছেন তাঁর কাব্যে। তাঁর কবিতায় অনূভূতির গভীরতা, চিন্তার সুক্ষ্ণতা ও রূপগত পরিচর্যার পরিচয় সুস্পষ্ট।



Leave a Reply