মঙ্গলবার ৩ নভেম্বর ২০২৬

প্রথমবারের মতো বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর

সুইজারল্যান্ডের জেনেভা থেকে সংক্ষিপ্ত সফরে ঢাকায় পৌঁছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। এখানে তিনি নয় ঘণ্টা অবস্থান করবেন।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বর সড়কে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন করেছেন। যুক্তরাষ্ট্রের কোনো পররাষ্ট্রমন্ত্রীর এটাই প্রথমবারের মতো জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘর পরিদর্শন।

বঙ্গবন্ধু জাদুঘরের দর্শনার্থী বইয়ে কেরি সেই ঘটনাকে বর্ণনা করেছেন বাংলাদেশে মানুষের ‘অনন‌্যসাধারণ এক সাহসী নেতার’ জীবনাবসান হিসেবে।

কেরি লিখেছেন, “আজ বঙ্গবন্ধুর দেখানো পথে, তারই কন‌্যার দৃঢ় নেতৃত্বে বাংলাদেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে। বঙ্গবন্ধুর স্বপ্নের দেশ গড়তে বাংলাদেশের এই অভিযাত্রায় বন্ধু হিসেবে সঙ্গী হতে পেরে যুক্তরাষ্ট্র ‘গর্বিত’। শান্তি ও সমৃদ্ধির পথে এগিয়ে যেতে একসঙ্গে কাজ করে যেতে চাই আমরা।”

সোমবার সকালে ঢাকা পৌঁছানোর পর বেলা সাড়ে ১১টার দিকে বঙ্গবন্ধু জাদুঘরে যান জন কেরি। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ও শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক এ সময় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীকে স্বাগত জানান।

বঙ্গবন্ধু জাদুঘর পরিদর্শন শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করতে তার কার্যালয়ে যান কেরি। যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়াল ও ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা বার্নিকাটসহ জ‌্যেষ্ঠ কর্মকর্তারা এ সময় তার সঙ্গে ছিলেন।

সোমবার সকাল ৯টা ৪৫ মিনিটে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কেরিকে বহনকারী বিমান অবতরণ করে। এ সময় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী তাঁকে অভ্যর্থনা জানান।

এরপর জন কেরি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাত করবেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ এক কর্মকর্তা সকালে প্রথম আলোকে জানান, আজ সোমবার সকাল সোয়া ১০টার দিকে জন কেরিকে বহনকারী যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর বিশেষ ফ্লাইটটি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে। সেখানে তাঁকে স্বাগত জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।

সুইজারল্যান্ডের জেনেভা থেকে জন কেরি ঢাকায় এসেছেন। সকাল-সন্ধ্যার এই সফরে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে বৈঠক করবেন। সন্ধ্যায় তিনি ভারতের রাজধানী নয়াদিল্লি যাবেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আজ দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় জন কেরির সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলীর মূল বৈঠকটি হবে। ওই আলোচনায় বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল অংশ নেবেন।

সম্প্রতি বিশ্বজুড়ে সন্ত্রাসী হামলা বেড়ে যাওয়ায় এই সফরে সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে সহযোগিতায় বিশেষ গুরুত্ব দেবেন জন কেরি। ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট গতকাল রোববার রাজধানীতে এক সম্মেলনের ফাঁকে সাংবাদিকদের বলেন, নিরাপত্তা সহযোগিতায় ইতিমধ্যে বেশ কিছু প্রস্তাব দেওয়া হয়েছে এবং কিছু ব্যাপারে সহযোগিতা চলছে। এ বিষয়গুলো নিয়ে এই সফরে আলোচনা হবে।

দ্বিপক্ষীয় বৈঠকের পর বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আয়োজনে মধ্যাহ্নভোজে যোগ দেবেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী।

বিকেল ৩টায় মিরপুরের শেওড়াপাড়ায় কে-টেক্স নামে একটি পোশাক কারখানা দেখতে যাবেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। এরপর বিকেল ৪টায় ধানমণ্ডির মাইডাস সেন্টারে যাবেন এডওয়ার্ড কেনেডি সেন্টার (ইএমকে) পরিদর্শনের জন্য।

ইএমকে সেন্টারে ৪০ মিনিট অবস্থান করবেন কেরি। তিনি সেখানে তরুণ ও সুশীলসমাজের প্রতিনিধিদের সঙ্গে কথা বলবেন। এরপর বিকেল ৫টা পাঁচ মিনিটে ঢাকায় মার্কিন রাষ্ট্রদূতের বাসভবন এবং মার্কিন দূতাবাসের চ্যান্সেরি কমপ্লেক্সে যাবেন তিনি।

সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে সফর শেষ করে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী নয়াদিল্লির উদ্দেশে ঢাকা ছাড়বেন। বিমানবন্দরে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী তাঁকে বিদায় জানাবেন।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *