যুক্তরাষ্ট্রের টেক্সাসে সড়ক দুর্ঘটনায় নিউইয়র্কে প্রবাসী এক বাংলাদেশি দম্পতি নিহত হয়েছেন। রোববার রাত সাড়ে ১০টায় টেক্সাস অঙ্গরাজ্যের নরমাঙ্গি শহরের ৩৯ নম্বর মহাসড়কে দুই প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে নিউ ইয়র্কের এলমহার্স্টের বাসিন্দা মাহবুবুল সৌরভ ও তার স্ত্রী সাফিনা সৌরভসহ ঘটনাস্থলেই তিনজন নিহত হন।
দুর্ঘটনায় গুরুতর আহত মাহবুবুল সৌরভের ছেলে শাদাব সৌরভসহ দুজনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ খবর টেক্সাস ও নিউ ইয়র্কে ছড়িয়ে পড়লে প্রবাসীদের মাঝে শোকের ছায়া নেমে আসে।
নরমাঙ্গি পুলিশের এক সূত্রে জানা যায়, রোববার রাত সাড়ে ১০টার দিকে নরমাঙ্গি শহরের ৩৯ নম্বর মহাসড়কের দক্ষিণ দিকে গাড়িটি চালিয়ে যাচ্ছিলেন শাদাব সৌরভ। একটি ট্রাফিক সিগন্যালে গাড়িটি মোড় নেওয়ার চেষ্টা করলে দ্রুতবেগে আসা উত্তরমুখী অপর একটি প্রাইভেট কার তাদের গাড়টিকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই যাত্রী মাহবুবুল সৌরভ (৫৭) ও সাফিনা সৌরভ (৪৮) এবং অপর গাড়ির চালক কার্লস লোপেজ (২৭) মারা যান।
মাহবুবুল সৌরভের ছেলে শাদাব সৌরভ ও অপর যাত্রী লরা অলভেরাকে (২৪) গুরুতর অবস্থায় স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। মাহবুবুল সৌরভের ঘনিষ্ঠ এক সূত্রে জানা যায়, বেশ কয়েক দিন আগে তাঁরা সপরিবারে টেক্সাসে বেড়াতে যান। তিনি দীর্ঘদিন ধরে নিউ ইয়র্কের কুইন্সের এলমহার্স্টে বসবাস করতেন। তাঁর দেশের বাড়ি টাঙ্গাইল জেলায়।


