বুধবার ৪ নভেম্বর ২০২৬

হূমায়ূনের ‘দেবী’ চুরি করে কলকাতায় সিনেমা: মামলা করবেন শাওন

হূমায়ূনের ‘দেবী’ চুরি করে কলকাতায় সিনেমা মামলা করবেন শাওননন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ-এর ‘দেবী’ উপন্যাসের কাহিনি নকল করে ‘ইএসপি, একটি রহস্য গল্প’ নামে একটি চলচ্চিত্র তৈরির অভিযোগ উঠেছে পশ্চিমবঙ্গের নির্মাতা শেখর দাসের বিরুদ্ধে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন প্রয়াত লেখক হূমায়ূনপত্নী, অভিনেত্রী ও নির্মাতা মেহের আফরোজ শাওন।

‘ইএসপি, একটি রহস্য গল্প’ সিনেমার মূল দুই চরিত্রে অভিনয় করেছেন ঋতুপর্ণা সেনগুপ্ত ও রাইমা সেন। সিনেমাটিতে অনুমতি ছাড়াই ‘দেবী’র গল্প ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ করেন শাওন।

তিনি আরও জানান, এতে কাহিনিকার হিসেবে হুমায়ূন আহমেদ নয়, উল্লেখ করা হয়েছে শিবাশীস রায় নামের অন্য এক লেখকের।

শাওন এ ব্যাপারে গ্লিটজকে বলেন, “ঘটনাটি স্বাভাবিক ভাবেই আমাকে মর্মাহত করেছে। যদি অনুমতি নিয়ে তারা গল্পটি ব্যবহার করত, আমার তাতে কোনো আপত্তি ছিল না। কিন্তু তারা অনুমতি তো নেয়ই-নি বরং কাহিনিকার হিসেবে অন্য একজনের নাম ব্যবহার করেছে, যা সত্যিই খুব দুঃখজনক।”

পশ্চিমবঙ্গের এই ছবিটিকে `দেবী’ গল্পের হুবুহু নকল দাবী করে তিনি বলেন, “আমি ছবিটি রিলিজের প্রায় দুদিন পরে সিনেমাটি দেখেছি। অনেকেই আমাকে ফোন করে এ ব্যাপারটি অবহিত করেছে। ফলে টরেন্ট এর মাধ্যমে আমি ছবিটি যোগাড় করে দেখেছি। উপন্যাসটা যাদের পড়া আছে তারা ছবিটি দেখলেই পরিষ্কার বুঝতে পারবেন যে এটি ‘দেবী’ উপন্যাসের পুরোপুরি নকল।”

এ ব্যাপারে শিগগিরই আইনি ব্যবস্থা গ্রহণ করবেন জানিয়ে তিনি বলেন, “আমি আগামীকাল (১ সেপ্টেম্বর) কলকাতায় যাচ্ছি সেখানকার বইমেলায় যোগ দিতে। সেখানে গিয়ে গল্প চুরির এ বিষয়ে ‘ইস্টার্ন ইন্ডিয়া মোশন পিকচার্স অ্যাসোসিয়েশন(ইম্পা)’-তে অভিযোগ জানাবো।”

তিনি আরও বলেন, “এরমধ্যেই আমি ‘বাংলাদেশ ফিল্ম প্রডিউসার অ্যান্ড ডিস্ট্রিবিউটর’-এর সদস্যদের সঙ্গে এ ব্যাপারে কথা বলেছি। তারা আমাকে কলকাতার একটি সংগঠনের কথা বলেছেন, যারা কপিরাইট আইন নিয়ে কাজ করে। আমি তাদের সঙ্গেও যোগাযোগের চেষ্টা করছি।”

এ ঘটনায় জড়িতদের শাস্তি হোক- এমনটাই দাবি শাওন-এর।

তিনি বলেন, “কিছুদিন আগে জনপ্রিয় ব্যান্ড মাইলসের গান নকল করা হয়েছে। তারা তখন আইনি ব্যবস্থা নিয়েছিলো। এবারে ‘দেবী’র গল্প চুরি করা হল। এভাবে তো চলতে পারে না। আমি আশা করছি এ ঘটনায় দোষীদের শাস্তি হবে।”

কলকাতার ওই ছবির পরিচালক বা কলাকুশলী কারো সঙ্গে যোগাযোগ হয়েছে কিনা- জানতে চাইলে শাওন বলেন, “না। আমি তাদের কারও সঙ্গে কথা বলিনি। পরিচালক বা কলাকুশলীদের সঙ্গে কথা বলে কোনো লাভ নেই। আমি যথাযথ আইনি পদ্ধতিতে এগুতে চাই।”

এর আগে খবর এসেছিল, হুমায়ূন আহমেদ-এর মিসির আলি সিরিজের ‘দেবী’ উপন্যাস অবলম্বনে বাংলাদেশে চলচ্চিত্র নির্মাণের উদ্যোগ নিয়েছেন অভিনেত্রী জয়া আহসান। সিনেমাটি নির্মাণে চলতি বছরে সরকারী অনুদানও পান তিনি।

আরও পড়ুন