বুধবার ৪ নভেম্বর ২০২৬

ছাত্রীকে উত্যক্ত করায় বখাটের জেল

kara20150811154947দীর্ঘদিন ধরে এক স্কুলছাত্রীকে উত্যক্ত করার দায়ে নেত্রকোনায় ওমর ফারুক (২২) নামে এক বখাটে যুবককে ছয় মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

দণ্ডপ্রাপ্ত ওমর ফারুক জেলা শহরের সাতপাই হাজিবাড়ির দুরু মিয়ার ছেলে।

বুধবার সন্ধ্যার দিকে নেত্রকোনা-পূর্বধলা সড়কের শহরের সাতপাই এলাকায় রুজেল শিক্ষা পল্লির সামনে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত তাকে এ দণ্ড দেন।

আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাদি উর রহিম জাদিদ।

এলাকাবাসী জানান, ওমর ফারুক বিদ্যালয়ে আসা-যাওয়ার পথে প্রায়ই পৌর এলাকার একটি স্কুলে নবম শ্রেণিতে পড়ুয়া ওই ছাত্রীকে উত্যক্ত করত। বুধবার দুপুরে মেয়েটি বাড়ি ফেরার পথে ফারুক তার পথরোধ করে উত্যক্ত করতে থাকে।

খবর পেয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ এলাকাবাসী তাকে আটক করে পুলিশে দেন। সন্ধ্যা ছয়টার দিকে ওমর ফারুককে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে বিচারক তাকে ওই সাজা দেন।

জেলা প্রশাসনের সহকারী কমিশনার মো. সাদি উর রহিম জাদিদ বিষয়টি নিশ্চিত করেন।

আরও পড়ুন