বুধবার ৪ নভেম্বর ২০২৬

খুলনায় ছাত্রলীগ কর্মী খুন

BSLখুলনা শহরে ছাত্রলীগের এক কর্মীকে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার রাতে শহরের পিটিআই মোড়ে এই ঘটনা ঘটে।

পুলিশ জানায়, নিহত ছাত্রলীগ কর্মীর নাম সৈকত হাসান ওরফে রোহান (২৫)। তাঁর বাড়ি বাগেরহাটের সদর থানার পাতিলাখালী গ্রামে। বাবার নাম রুহুল আমিন পাইক।

রোহান খুলনা শহরের মজিদ মেমোরিয়াল সিটি কলেজ ছাত্রলীগের কর্মী ছিলেন বলে পুলিশ জানিয়েছে।

খুলনা সদর থানার পরিদর্শক ফরিদুল হক বলেন, রাত ১১টার দিকে পিটিআই মোড়ে ছিলেন রোহান। এ সময় কয়েকজন দুর্বৃত্ত সেখানে এসে তাঁকে কুপিয়ে পালিয়ে যায়। পরে তাঁকে আহত অবস্থায় উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে রাত ১২টার দিকে তাঁর মৃত্যু হয়। তাঁর লাশের ময়নাতদন্ত হবে। এ ঘটনায় মামলা করার প্রক্রিয়া চলছে।

খুলনা সদর থানার পুলিশের একটি সূত্র জানায়, রোহানের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। তাঁর বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগে সদর থানায় সাত–আটটি মামলা রয়েছে।

আরও পড়ুন