বুধবার ৪ নভেম্বর ২০২৬

নতুন কোচ কোর্টনি ওয়ালশ আসছেন শনিবার রাতে

Walsh-02বাংলাদেশ জাতীয় দলের বোলিং কোচের দায়িত্ব নিতে শনিবার রাতে ঢাকায় পা রাখছেন কোর্টনি ওয়ালশ। বৃহস্পতিবার বিবৃতিতে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড ও বিসিবি নিশ্চিত করেছে ওয়ালশের দায়িত্ব নেওয়ার খবর। ক্যারিবিয়ান পেস কিংবদন্তির সঙ্গে বিসিবির চুক্তি ২০১৯ বিশ্বকাপ পর্যন্ত।

শুক্রবার সকালে সিঙ্গাপুর থেকে দেশে ফিরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ওয়ালশের ঢাকায় আসার সময় নিশ্চিত করলেন বিসিবি প্রধান নাজমুল হাসান।

“আশা করছি, শনিবার রাতেই সে ঢাকায় চলে আসবে। আমাদের পেস বোলারদের জন্য ওয়ালশ জন্য হতে যাচ্ছে বড় এক সম্পদ।”

বাংলাদেশের বোলিং কোচের দায়িত্ব নেওয়ার পর কাজ শুরুর জন্য মুখিয়ে থাকার কথা জানিয়েছিলেন ওয়ালশও।

“বিসিবিতে স্পেশালিস্ট বোলিং কোচ হিসেবে যোগ দিয়ে আমি রোমাঞ্চিত। ছেলেদের সঙ্গে কাজ শুরুর জন্য মুখিয়ে আছি আমি। দূর থেকে কয়ক বছর ধরে বাংলাদেশ ক্রিকেটকে অনুসরণ করে বুঝেছি, দারুণ প্রতিভাবান সব ক্রিকেটার আছে ওখানে।”

গত মে মাসের শেষ দিকে হিথ স্ট্রিক চুক্তি নবায়ন না করার পর থেকেই বোলিং কোচ শূন্য ছিল বাংলাদেশ জাতীয় দল। বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে কোচিং স্টাফে দ্বিতীয় ক্যারিবিয়ান ওয়ালশ। এর আগে নব্বই দশকের শেষে প্রথান কোচ ছিলেন কিংবদন্তি ওপেনার গর্ডন গ্রিনিজ।

১৭ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে ওয়ালশের অর্জন অনেক। টেস্টে প্রথম বোলার হিসেবে ৫০০ উইকেটের মাইলফলক ছুঁয়েছেন। ক্যারিয়ার শেষ করেছেন টেস্টে ওয়েস্ট ইন্ডিজের হয়ে সর্বোচ্চ ৫১৯ আর ওয়ানডেতে ২২৭ উইকেট নিয়ে।

আরও পড়ুন