ভারতে পাচারকালে সাতক্ষীরার তলুইগাছা সীমান্তে ১৬ কেজি সোনাসহ একজনকে আটক করেছে বিজিবি। তার নাম মো. আলিউজ্জামান।
শুক্রবার বেলা ১১টার দিকে তাকে আটক করা হয়।
বিজিবির তলুইগাছা ক্যাম্প অধিনায়ক সুবেদার আবুল কাসেম জানান, সকালে মোটরসাইকেল আরোহী আলিউজ্জামানকে ক্যাম্পের সামনে থামানো হয়। পরে ক্যাম্পে এনে তল্লাশি করে তার হিরো হোন্ডা মোটরসাইকেলের (সাতক্ষীরা হ-১২-৮০৫৮) টুলবক্স থেকে ১৬ কেজি ৩১৮ গ্রাম সোনা জব্দ করা হয়, যার আনুমানিক মূল্য ৬৫ লাখ টাকা।
আলিউজ্জামান কেড়াগাছি গ্রামের সফিকুল ইসলামের ছেলে। তিনি চোরাচালানীর সঙ্গে জড়িত বলে বিজিবি জানিয়েছে।
তবে আলিউজ্জামান বিজিবিকে জানিয়েছেন, তিনি এই সোনার বাহকমাত্র। কলারোয়ার কেড়াগাছির সোনা চোরাচালানী মহিদুল মেম্বার, রুস্তম আলি ও ফিরোজ হোসেন তার কাছে সকালে এই সোনা ভারতে পার করে দেয়ার জন্য দিয়েছেন।
তিনি আরও জানান, সোনা কেড়াগাছি ঘাটে নিয়ে যাবার পর সোনাই নদীতে গোসল করার নামে মহিদুল মেম্বারের স্ত্রী ভারতের তারালির সোনা চোরাচালানী তাপসের স্ত্রীর হাতে তুলে দেবে বলে জানিয়েছিলেন।
এজন্য মজুরি বাবদ কেড়াগাছি ইউপি মেম্বার মহিদুল তাকে এক হাজার টাকা দিয়েছেন বলেও জানিয়েছেন আলিউজ্জামান।


