বুধবার ৪ নভেম্বর ২০২৬

আজ বিসিবির সঙ্গে ওয়ালশের চুক্তি

walshবাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের বোলিং কোচ ক্যারিবিয়ান কিংবদন্তি কোর্টনি ওয়ালশ শনিবার রাতে ঢাকায় পৌঁছেছেন।

রোববার দুপুরের দিকে তিনি মিরপুরে স্টেডিয়ামে যাবেন। সেখানে চুক্তির আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। নতুন শিষ্যদের সঙ্গে এদিন পরিচয়ও হবে ওয়ালশের।

তবে প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে ছুটি কাটাতে অস্ট্রেলিয়া যাওয়ায় আপাতত তার সাক্ষাৎ পাচ্ছেন না টাইগারদের নতুন বোলিং গুরু।

বিসিবির সঙ্গে কথাবার্তা অনুযায়ী ইংল্যান্ডে অনুষ্ঠিত ২০১৯ বিশ্বকাপ পর্যন্ত মাশরাফিদের পেস বোলিং কোচের দায়িত্ব পালন করবেন ওয়ালশ।

ওয়ালশকে বহন করা ইত্তিহাদ এয়ারওয়েজের ফ্লাইটটি রাত সোয়া ৯টার দিকে হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।

বিসিবি সূত্রে জানা গেছে, বিমানবন্দরে নেমেই হোটেলের উদ্দেশে রওনা দেন ওয়ালশ। আপাতত ঢাকায় তার ঠিকানা র‌্যাডিসন ব্লু হোটেল।

টেস্ট ইতিহাসে ৫০০ উইকেট স্পর্শ করা প্রথম বোলার ওয়ালশ আন্তর্জাতিক ক্রিকেট থেকে ২০০১ সালে অবসর নেন। ১৩২ টেস্টে কোর্টনি ওয়ালশের উইকেট সংখ্যা ৫১৯। ২০৫ ওয়ানডেতে তিনি নেন ২২৭ উইকেট।

এরপর ক্রিকেট প্রশাসক হিসেবে, নির্বাচক হিসেবে ও সিপিএল-এ পরামর্শক হিসেবে জ্যামাইকার হয়ে দায়িত্ব পালন করেন। ওয়েস্ট ইন্ডিজ অনূর্ধ্ব-১৯ দলের ম্যানেজারের দায়িত্বেও ছিলেন ওয়ালশ।

সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজের নির্বাচক প্যানেলের দায়িত্বে ছিলেন তিনি।

সেখানে পদত্যাগপত্র জমা দিয়ে টাইগার বোলিং কোচের দায়িত্ব গ্রহণে ঢাকায় আসেন ওয়ালশ।

এর আগে মে মাসের শেষ দিকে চুক্তি নবায়ন করছেন না বলে জানান হিথ স্ট্রিক। শুরু হয় বোলিং কোচ অনুসন্ধান। শেষ পর্যন্ত কোর্টনি ওয়ালশকেই বেছে নেয় বিসিবি।

আরও পড়ুন