বুধবার ৪ নভেম্বর ২০২৬

‘এক এশিয়া’ গড়ার প্রত্যয়ে শেষ আইক্যাপ সম্মেলন

icaap_conferance_‘এক এশিয়া’ গড়ার প্রত্যয়ে রোববার মালয়েশিয়ায় শেষ হয়েছে এবারের আইক্যাপ সম্মেলন। এতে এশিয়ার বিভিন্ন দেশের অন্তত ৩৬টি রাজনৈতিক দলের প্রতিনিধিরা অংশ নেন।

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে গত বৃহস্পতিবার চার দিনব্যাপী নবম আইক্যাপ সম্মেলন শুরু হয়। সম্মেলনের সমাপনী দিনের বক্তৃতায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাক ‘এক এশিয়া’ গড়ার ঘোষণা দেন।

সম্মেলনে উপস্থিত রাজনীতিকদের উদ্দেশে তিনি বলেন, ‘আমরা এক এশিয়া গড়ার লক্ষ্যে কাজ করছি। আশা করি সবার সম্মিলিত প্রচেষ্টায় সে লক্ষ্যে পৌঁছতে সক্ষম হব।’

বিশ্বব্যাপী সন্ত্রাসবাদ নিয়ে উদ্বেগ প্রকাশ করে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বলেন, ২০০০ থেকে ২০০৪ সাল পর্যন্ত এক লাখ ৪০ হাজার মানুষের প্রাণহানি ঘটেছে, যা হিরোশিমার বিধ্বংসী বোমায় নিহতের সংখ্যাও ছাড়িয়ে গেছে।

তিনি বলেন, ‘মালয়েশিয়ায় মুসলিম সন্ত্রাস বলে কিছুই নেই। আর দেশের মানুষের নিরাপত্তার জন্য বর্তমান সরকার দৃঢ়প্রতিজ্ঞ।’

এই সম্মেলনে বাংলাদেশ প্রতিনিধিদলের মধ্যে বক্তব্য রাখেন- আইক্যাপের স্থায়ী কমিটির সদস্য সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান এইচএম এরশাদ, আইক্যাপের স্থায়ী কমিটির সদস্য সাবেক আইনমন্ত্রী আবদুল মতিন খসরু, স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি ও মালয়েশিয়া বিএনপির সিনিয়র সহসভাপতি মাহবুব আলম শাহ, মালয়েশিয়া আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট মিনহাজ উদ্দিন মিরান।

এছাড়া বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটি ও আইন শাখার সদস্য মোহাম্মদ রুহুল কুদ্দুস, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য তাজ রহমান, জাতীয় পার্টির চেয়ারম্যানের একান্ত সচিব মেজর খালেদ আখতার (অব.), সাদ এরশাদ, মালয়েশিয়া আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক রাশেদ বাদল, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও মালয়েশিয়া বিএনপির সাধারণ সম্পাদক মোশাররাফ হোসেন, জাসদের সাধারণ সম্পাদক শিরিন আখতার, জাতীয় কৃষক জোটের কেন্দ্রীয় আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক মো. সাজ্জাদ হোসেন, জাতীয় যুব জোট কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মো. হারুন রশিদ সুমন  প্রমুখ উপস্থিত অংশ নেন।

আরও পড়ুন