বুধবার ৪ নভেম্বর ২০২৬

কয়লা রেস্তোরাঁকে ৫০ হাজার টাকা জরিমানা

কয়লা রেস্তোরাঁকে ৫০ হাজার টাকা জরিমানাভেজাল, অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে পচা-বাসি খাবার সংরক্ষণ, পরিবেশন, খাবার খোলামেলা করে ফেলে রাখা এবং খাদ্যপণ্য নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রির অপরাধে ঢাকার গুলশানের তেজগাঁও লিং রোড এলাকায় অবস্থিত কয়লা রেস্তোরাঁকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রোববার দুপুরে ৫ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন-৫) ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যৌথ সমন্বয়ে ভেজালবিরোধী অভিযান চালানো হয়। এপিবিএনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

এপিবিএন ৫-এর সহকারী পুলিশ সুপার মো. সাইদুর রহমান ও ঢাকা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক রজবী নাহার রজনী এ অভিযান পরিচালনা করেন।

এপিবিএন ৫-এর অপারেশন্স অফিসার সহকারী পুলিশ সুপার মো. সাইদুর রহমান জানান, অভিযানকালে দেখা যায়, গুলশানের ৪১১ তেজগাঁও শিল্পাঞ্চল লিংক রোডের কয়লা রেস্টুরেন্টে ভেজাল, অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশ, পচা-বাসি খাবার সংরক্ষণ, পরিবেশন, খাবার খোলামেলা করে ফেলে রাখা এবং খাদ্যপণ্য নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রি করে আসছে। এটা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪০ ও ৪৩ ধারার অপরাধ। অপরাধ স্বীকার করায় কয়লা রেস্টুরেন্টের মালিক মো. ওমর ফারুককে (৩৫) ৫০ হাজার টাকা জরিমানা করেন ঢাকা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক রজবী নাহার রজনী।

সাইদুর রহমান আরো জানান, এসব রেস্টুরেন্টে সুস্বাদু খাবারের নামে ভেজাল ও নিম্নমানের খাবার পরিবেশন করে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করা হচ্ছে, যা প্রতিটি মানুষের স্বাস্থ্যের জন্য হুমকিস্বরূপ। ঢাকা মহানগর এলাকায় এপিবিএন ৫-এর ভেজালবিরোধী অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

আরও পড়ুন