বুধবার ৪ নভেম্বর ২০২৬

মান বাঁচাল পাকিস্তান, সিরিজ নিল অস্ট্রেলিয়া

Pakiটানা চার ম্যাচে হারার পর হোয়াইট ওয়াশের শঙ্কায় থাকা পাকিস্তান কার্ডিফে স্বাগতিক ইংল্যান্ডের মুখোমুখি হয় নিজেদের মান বাঁচানোর লক্ষ্যে। শেষ পর্যন্ত স্বাগতিক ইংল্যান্ডের দেয়া ৩০৩ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে ১০ বল হাতে রেখেই ৪ উইকেটে জয় তুলে নেয় আজহার আলীর দল।

শোয়েব মালিক আর সরফরাজ আহমেদের অনবদ্য ব্যাটিংয়ের ওপর ভর করেই এই জয় পেয়েছে পাকিস্তান। ৩০৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শারজিল খানকে হারিয়ে শুরুতেই বিপদে পড়ে পাকিস্তান। এরপর আজহার আলী আর বাবর আজম মাঝারি মানের একটি জুটি গড়ে বিচ্ছিন্ন হন। ৭৬ রানের মাথায় ৩১ রান করে আউট হন বাবর আজম। এর এক রান পরই ফিরে যান আজহার আলী।

চতুর্থ উইকেট জুটিতেই শোয়েব মালিক আর সরফরাজ আহমেদ জুটি গড়েন। দলকে নিয়ে যান ২৪০ রান পর্যন্ত। গড়েন ১৬৩ রানের জুটি। ৭৭ রান করেন শোয়েব মালিক এবং সরফরাজ করেন ৯০ রান। বাকি কাজ মোহাম্মদ রিজওয়ান (৩৪) আর ইমাদ ওয়াসিম (১৬) মিলে শেষ করে দেন। শেষ পর্যন্ত ৬ উইকেট হারিয়ে ৪৮.২ বলে ৩০৪ রান করে পাকিস্তান।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে ৯ উইকেট হারিয়ে ৩০২ রান করে ইংল্যান্ড। ৮৭ রান করেন জ্যাসন রয় এবং ৭৫ রান করেন বেন স্টোকস।

এদিকে, পাঁচ ম্যাচ সিরিজের পঞ্চম ও শেষ ওয়ানডেতে শ্রীলঙ্কাকে ৫ উইকেটে হারিয়ে ৪-১ এ সিরিজ জিতলো অস্ট্রেলিয়া। লঙ্কানদের দেয়া ১৯৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ডেভিড ওয়ার্নারের ১০৬ রানের অনবদ্য ব্যাটিংয়ে ৫ উইকেটের খরচায় ৪২ বল হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে গেছে সফরকারীরা।

এর আগে রোববার পালেকেল্লে স্টেডিয়ামে ওয়ার্নারদের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে নামে স্বাগতিক শ্রীলঙ্কা। ব্যাটিংয়ে নেমে ধানুস গুনাথিলাকার ৩৯ ও ধনঞ্জয় ডি সিলভার ৩৪ রানে ভর করে ৪০.২ ওভারে ১৯৫ রানের স্বল্প সংগ্রহে অলআউট হয় শ্রীলঙ্কা।

অজিদের হয়ে বল হাতে মিচেল স্টার্ক ৩টি, জাম্পা ও হেড ২টি করে এবং হেস্টিংস, বোলান্ড ও ফকনার নিয়েছেন ১টি করে উইকেট।

১৯৬ রানের সহজ লক্ষ্যে খেলতে নেমে ডেভিড ওয়ার্নারের ১২৬ বলে ১০৬ ও জর্জ বেইলির ৪৪ রানে ৪৩ ওভারে ১৯৯ রান সংগ্রহ করে সিরিজ নিশ্চিত করে সফরকারী অস্ট্রেলিয়া।

বল হাতে শ্রীলঙ্কার হয়ে দিলরুয়ান পেরেরা ৩টি ও ধনঞ্জয় ডি সিলভা নিয়েছেন ২টি উইকেট।

ম্যাচ সেরা হয়েছেন ডেভিড ওয়ার্নার ও সিরিজ সেরা হয়েছেন জর্জ বেইলি।

আরও পড়ুন