বুধবার ৪ নভেম্বর ২০২৬

সিনিয়র স্টাফ নার্স নিয়োগ প্রধানমন্ত্রীর ‘ঈদ উপহার’: স্বাস্থ্যমন্ত্রী

20_Mohammad+Nasim_170814_0006প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতি অনুযায়ী ৯ হাজার ৪৮৪ জন সিনিয়র স্টাফ নার্স নিয়োগের ঘটনাকে দেশের জনগণ ও বেকার নার্সদের জন্য প্রধানমন্ত্রীর ‘ঈদ উপহার’ হিসেবে আখ্যায়িত করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম।

সোমবার সচিবালয়ে নার্স নিয়োগ ও চিকিৎসকদের পদোন্নতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণের পথে দীর্ঘদিনের অন্তরায় নার্স সংকট সমাধানের পথ উন্মোচিত হয়েছে এই নিয়োগের মাধ্যমে। দ্রুত সারা দেশের হাসপাতালে তাঁদের পদায়ন করে জনগণের দোরগোড়ায় চিকিৎসা নিশ্চিত করার পথে দেশকে আরো এগিয়ে নিয়ে যাবে সরকার।’

সোমবার ৫০০ জন চিকিৎসকের সহকারী অধ্যাপক হিসেবে পদোন্নতি প্রদান করা হয়েছে জানিয়ে মোহাম্মদ নাসিম বলেন, ‘তাঁদের দেশের ৩১টি সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল ও বিশেষায়িত হাসপাতালে পদায়ন করা হবে।’ তাঁদের কলেজে শিক্ষকতার পাশাপাশি হাসপাতালে চিকিৎসা প্রদানের জন্য নির্দেশ দেওয়া হয়েছে, অন্যথায় কর্মস্থল থেকে তাঁদের প্রত্যাহার করা হবে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী।

সরকারি কর্ম কমিশনের (পিএসসি) মাধ্যমে নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ নার্সদের অভিনন্দন জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘যারা আন্দোলন ও হুমকির মধ্যেও মানবসেবার মনোবৃত্তি নিয়ে পরীক্ষা দিয়েছিলেন তাঁরাই প্রকৃত সেবক। যারা পরীক্ষা ছাড়া নিয়োগের আন্দোলন করে নৈরাজ্যের পথ বেছে নিয়েছিল তারা নিশ্চয় আজ উপলব্ধি করছে তারা ভুল করেছে। জ্যেষ্ঠতার ভিত্তিতে নার্স নিয়োগের দাবির পরিপ্রেক্ষিতে সরকারের আশ্বাসের ওপর তাদের আস্থা রাখা উচিত ছিল।

স্বাস্থ্যমন্ত্রী আরো বলেন, ‘দ্বিতীয় শ্রেণির চাকরিতে নিয়োগের ক্ষেত্রে বিধান অনুযায়ী পিএসসির মাধ্যমে পরীক্ষার কোনো বিকল্প নেই। নার্সদের দাবিকে মানবিক দৃষ্টিভঙ্গি থেকে বিবেচনা করে মন্ত্রণালয়ের অনুরোধ অনুযায়ী পিএসসি পরীক্ষা পদ্ধতি সহজ করেছে, পরীক্ষার ধাপ কমিয়েছে।’

আরও পড়ুন